Saturday, February 28, 2026
Latest:
Uncategorized

অর্থনীতি সংকটে, কর্মসংস্থানই সর্বোচ্চ অগ্রাধিকার: অর্থ ও পরিকল্পনামন্ত্রী

দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিকে “খুবই খারাপ অবস্থায়” উল্লেখ করে তা থেকে উত্তরণের জন্য কর্মসংস্থান সৃষ্টি ও দেশি-বিদেশি বিনিয়োগ বৃদ্ধির ওপর সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার কথা জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, আগামী জাতীয় বাজেটে এমন সব উদ্যোগ নেওয়া হবে, যা বিনিয়োগ বাড়াতে সহায়ক হবে এবং নতুন কর্মসংস্থান সৃষ্টিতে কার্যকর ভূমিকা রাখবে।

গতকাল বিকেলে চট্টগ্রামের পতেঙ্গায় একটি সরকারি হাসপাতাল নির্মাণের লক্ষ্যে বাংলাদেশ নৌবাহিনীর অধিগ্রহণ করা ১৪ দশমিক ২১৯০ একর ও ২ দশমিক ৭ একর জমি পরিদর্শনকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, “দেশি-বিদেশি বিনিয়োগ ছাড়া টেকসই কর্মসংস্থান সম্ভব নয়। তাই আমরা বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরিতে জোর দিচ্ছি। স্বাস্থ্য ও শিক্ষা খাতেও পরিবর্তন প্রয়োজন, তবে বর্তমান প্রেক্ষাপটে কর্মসংস্থানই পাবে সর্বোচ্চ অগ্রাধিকার।”

পরিদর্শনকালে কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চল রিয়ার অ্যাডমিরাল মো. মঈনুল হাসান মন্ত্রীকে জমির অবস্থান, ভৌগোলিক পরিবেশ, যোগাযোগ ব্যবস্থা, পারিপার্শ্বিক অবকাঠামোগত সুবিধা এবং ভবিষ্যৎ উন্নয়ন সম্ভাবনা সম্পর্কে বিস্তারিত অবহিত করেন। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, প্রস্তাবিত হাসপাতালটি বাস্তবায়িত হলে এলাকাবাসী উন্নত চিকিৎসাসেবা পাবে এবং স্থানীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে।

অর্থনীতি সংকটে, কর্মসংস্থানই সর্বোচ্চ অগ্রাধিকার: অর্থ ও পরিকল্পনামন্ত্রী……

এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. মিয়া ভোলা, সদস্য সরফরাজ কাদের রাসেল, অ্যাডভোকেট মফিজুল হক ভুইয়া, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি এইচএম রাশেদ খানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এর আগে মন্ত্রী নগরীর পতেঙ্গা বানৌজা উল্কার আবাদ অঞ্চল-২ এর পশ্চিম পাশে মেরিন ড্রাইভসংলগ্ন মুসলিমাবাদ এলাকায় নৌবাহিনীর অধিগ্রহণ করা আরেকটি জমিও পরিদর্শন করেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, এলাকাটির উন্নয়ন সম্ভাবনা বিবেচনায় নিয়ে সমন্বিত পরিকল্পনার মাধ্যমে স্বাস্থ্যসেবা অবকাঠামো গড়ে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *