আজও কম দামে বিক্রি হচ্ছে স্বর্ণ, ২২ ক্যারেটের ভরি ২ লাখ ১৯ হাজার ৮০৮ টাকা
দেশের বাজারে স্বর্ণের দাম আবারও কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সর্বশেষ ঘোষণায় প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ২ হাজার ১৫৮ টাকা কমানো হয়েছে। ফলে বর্তমানে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৯ হাজার ৮০৮ টাকা।
বাজুস মঙ্গলবার (১৪ জুলাই) সকালে এক বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন দামের ঘোষণা দেয়। ওই দিন সকাল ১০টা থেকে নতুন মূল্য কার্যকর হয়েছে এবং আজ রোববার (১৯ জুলাই) পর্যন্ত একই দামে দেশের বাজারে স্বর্ণ বিক্রি হচ্ছে।
বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি বা বিশুদ্ধ স্বর্ণের (পিওর গোল্ড) দাম কমে যাওয়ায় সার্বিক বাজার পরিস্থিতি বিবেচনায় ভ্যাটসহ নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।
আজও কম দামে বিক্রি হচ্ছে স্বর্ণ, ২২ ক্যারেটের ভরি ২ লাখ ১৯ হাজার ৮০৮ টাকা………
নতুন মূল্যতালিকা অনুযায়ী, ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেটের স্বর্ণের দাম ২ লাখ ১৯ হাজার ৮০৮ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৯ হাজার ৮৯৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮০ হাজার ২৬৭ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের প্রতি ভরি ১ লাখ ৪৭ হাজার ৩১৬ টাকা নির্ধারণ করা হয়েছে।
সংগঠনটি আরও জানিয়েছে, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এই মূল্য বহাল থাকবে। তবে অলঙ্কারের নকশা ও কারুকাজ অনুযায়ী মজুরি পৃথকভাবে যোগ হবে। এছাড়া স্বর্ণ ও রৌপ্য অলঙ্কারের বিক্রয়মূল্যের মধ্যেই ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় ক্রেতাদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না।
উল্লেখ্য, চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে স্বর্ণের দাম মোট ৯১ বার সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৪৪ বার দাম বেড়েছে, ৪৬ বার কমেছে এবং ১ বার ভ্যাট সমন্বয় করা হয়েছে। বাজার পরিস্থিতি ও আন্তর্জাতিক দামের ওঠানামার সঙ্গে সামঞ্জস্য রেখে বাজুস নিয়মিত স্বর্ণের মূল্য পুনর্নির্ধারণ করে আসছে।
