মার্কিন ঘাঁটিতে হামলা অব্যাহত রাখার হুঁশিয়ারি: জাতির উদ্দেশে ভাষণে আয়াতুল্লাহ মোজতবা খামেনি
ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন আয়াতুল্লাহ মোজতবা খামেনি। বৃহস্পতিবার (১২ মার্চ) দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে তার পূর্বে ধারণ করা এই ভাষণ প্রচার করা হয়। গত রোববার তিনি আনুষ্ঠানিকভাবে ইরানের সর্বোচ্চ নেতার দায়িত্ব গ্রহণ করেন।
ভাষণে যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা দিয়ে মোজতবা খামেনি বলেন, ইরান তার প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চায়। তবে মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোই তাদের প্রধান লক্ষ্যবস্তু। তিনি সতর্ক করে বলেন, এসব ঘাঁটির বিরুদ্ধে হামলা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
মার্কিন ঘাঁটিতে হামলা অব্যাহত রাখার হুঁশিয়ারি: জাতির উদ্দেশে ভাষণে আয়াতুল্লাহ মোজতবা খামেনি….
মধ্যপ্রাচ্য থেকে অবিলম্বে সব মার্কিন সামরিক ঘাঁটি সরিয়ে নেওয়ার দাবি জানিয়ে তিনি বলেন, “এই অঞ্চলে থাকা মার্কিন ঘাঁটিগুলো দ্রুত বন্ধ করতে হবে। অন্যথায় সেগুলো হামলার মুখে পড়বে।”
বর্তমান সংকট পরিস্থিতি মোকাবিলায় দেশবাসীকে জাতীয় ঐক্যের আহ্বান জানান ইরানের নতুন সর্বোচ্চ নেতা। একই সঙ্গে তিনি জানান, শত্রুদের ওপর চাপ সৃষ্টি করতে হরমুজ প্রণালি বন্ধ রাখার সিদ্ধান্ত বহাল থাকবে।
মোজতবা খামেনি আরও বলেন, “আমরা আমাদের শহীদদের রক্তের বদলা নেব।”
সম্প্রতি ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার লক্ষ্যবস্তু হয়েছে মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ। যদিও তেহরানের দাবি, এসব হামলা কেবল মার্কিন সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করেই পরিচালিত হয়েছে।
ভাষণে ইরানের সামরিক বাহিনীর প্রশংসা করে তিনি বলেন, “এই কঠিন সময়ে সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালন করা আমাদের যোদ্ধাদের আমি ধন্যবাদ জানাই।”
এ সময় তিনি ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধা হুতি এবং ইরাকের সশস্ত্র গোষ্ঠীগুলোর কথাও উল্লেখ করেন। তার ভাষায়, এসব গোষ্ঠী ইরানকে সহযোগিতা করতে প্রস্তুত এবং তারা নিজেদের দায়িত্ব পালন করবে।
এদিকে দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনায় কিছু জনকল্যাণমূলক ঘোষণাও দেন মোজতবা খামেনি। তিনি জানান, যুদ্ধে আহতদের জন্য সরকারিভাবে বিনামূল্যে চিকিৎসা সেবা নিশ্চিত করা হবে। পাশাপাশি সাম্প্রতিক সংঘাতে যারা ক্ষয়ক্ষতির শিকার হয়েছেন, তাদের আর্থিক সহায়তা ও ক্ষতিপূরণ দেওয়া হবে।
