জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া মন্তব্য করেছেন যে, “জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক”—এই দাবি বাংলাদেশের সংবিধানের সুস্পষ্ট লঙ্ঘন।
শুক্রবার (২৭ মার্চ) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। প্রায় ২৪ লাখ অনুসারী থাকা তার এই ব্যক্তিগত অ্যাকাউন্টে দেওয়া পোস্টটি ইতোমধ্যে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে।
পোস্টে আসিফ মাহমুদ লিখেছেন, “জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক—এই কথাটি সংবিধানের সুস্পষ্ট লঙ্ঘন।” তিনি তার বক্তব্যের পক্ষে যুক্তি তুলে ধরতে সংবিধানের ষষ্ঠ তপশিলের ১৫০ (২) অনুচ্ছেদের একটি অংশের ছবিও মন্তব্যে শেয়ার করেন।
সংবিধানের ওই অনুচ্ছেদ অনুযায়ী, শেখ মুজিবুর রহমান-কেই স্বাধীনতার ঘোষক হিসেবে উল্লেখ করা হয়েছে। সেখানে বলা হয়, ১৯৭১ সালের ২৫ মার্চ রাত পেরিয়ে ২৬ মার্চের প্রথম প্রহরে তিনি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন।
এদিকে, পোস্টটির মন্তব্য ঘরে সালাহউদ্দিন আহমেদ নামে একজন ব্যবহারকারী লিখেছেন, “আবেগ দিয়ে রাষ্ট্র চলে না, রাষ্ট্র চলে সংবিধান দিয়ে।”
বিষয়টি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে রাজনৈতিক ও ঐতিহাসিক ব্যাখ্যা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
