ফেরিতে যাত্রীসহ বাস ওঠানো সম্পূর্ণ নিষিদ্ধ: নৌমন্ত্রীর কঠোর নির্দেশ
নৌপথে দুর্ঘটনা কমানো এবং যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে নতুন করে কঠোর নির্দেশনা জারি করেছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহণ বিষয়ক মন্ত্রী শেখ রবিউল আলম। এখন থেকে কোনো অবস্থাতেই যাত্রীসহ বাস ফেরিতে তোলা যাবে না—ফেরিতে ওঠানোর আগে বাসের সব যাত্রীকে নামিয়ে দিতে হবে।
রবিবার (২৯ মার্চ) সচিবালয়ে সড়ক নিরাপত্তা জোরদার এবং দুর্ঘটনা প্রতিরোধে আয়োজিত এক উচ্চপর্যায়ের সভা শেষে সাংবাদিকদের এ সিদ্ধান্তের কথা জানান মন্ত্রী।
তিনি বলেন, অতীতে দেখা গেছে যাত্রীসহ বাস ফেরিতে ওঠানোর সময় বা নদীর ঢেউয়ের কারণে দুর্ঘটনা ঘটলে প্রাণহানির ঝুঁকি বহুগুণ বেড়ে যায়। এ ধরনের ঝুঁকি কমাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। “মানুষের জীবনের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের দায়িত্ব। তাই এই নিয়ম কঠোরভাবে বাস্তবায়ন করা হবে,”—যোগ করেন তিনি।
ফেরিতে যাত্রীসহ বাস ওঠানো সম্পূর্ণ নিষিদ্ধ: নৌমন্ত্রীর কঠোর নির্দেশ…….
এছাড়া ফেরিতে নিরাপত্তা বাড়াতে নতুন আরেকটি নির্দেশনা দেওয়া হয়েছে। এখন থেকে সব ফেরিতে বাধ্যতামূলকভাবে রেলিং স্থাপন করতে হবে। এতে গাড়ি ওঠানামার সময় বা প্রতিকূল আবহাওয়ায় দুর্ঘটনার আশঙ্কা অনেকটাই কমে আসবে বলে আশা করা হচ্ছে।
সভায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তা এবং আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন এই নির্দেশনার ফলে দেশের বিভিন্ন ফেরিঘাটে নিরাপত্তা ব্যবস্থাপনা আরও শক্তিশালী হবে এবং দুর্ঘটনার হার কমবে।
