২ কোটি ৭৫ লাখ কৃষকের হাতে পৌঁছাবে ‘কৃষক কার্ড’: প্রধানমন্ত্রীর ঘোষণা
ঢাকা, মঙ্গলবার (১৪ এপ্রিল): দেশের কৃষকদের জন্য বড় উদ্যোগের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি জানিয়েছেন, আগামী পাঁচ বছরে পর্যায়ক্রমে দেশের ২ কোটি ৭৫ লাখ কৃষকের হাতে ‘কৃষক কার্ড’ তুলে দেওয়া হবে।
মঙ্গলবার দুপুরে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী উল্লেখ করেন, এটি নির্বাচনের আগে দেওয়া গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতিগুলোর একটি, যা বাস্তবায়নে সরকার ইতোমধ্যে কাজ শুরু করেছে।
তিনি আরও জানান, দায়িত্ব গ্রহণের প্রথম সপ্তাহেই ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ করা হয়েছে, যার ফলে প্রায় ১২ লাখ কৃষক সরাসরি উপকৃত হয়েছেন।
২ কোটি ৭৫ লাখ কৃষকের হাতে পৌঁছাবে ‘কৃষক কার্ড’: প্রধানমন্ত্রীর ঘোষণা………..
কৃষিকে আরও লাভজনক করতে বিভিন্ন পরিকল্পনার কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, কৃষিনির্ভর এলাকাগুলোতে কৃষিভিত্তিক শিল্প-কারখানা গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে। এতে কৃষিপণ্যের সঠিক মূল্য নিশ্চিত করা সম্ভব হবে।
এ প্রসঙ্গে তিনি জানান, কৃষিপণ্যের বিপণন ও সংরক্ষণ ব্যবস্থার উন্নয়নে দেশীয় ও আন্তর্জাতিক ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা চলছে। বিশেষ করে কোল্ডস্টোরেজ স্থাপনে বিভিন্ন পক্ষ আগ্রহ দেখিয়েছে এবং সরকার এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নিচ্ছে।
এর আগে সকালে প্রধানমন্ত্রী ঢাকা থেকে সড়কপথে টাঙ্গাইলের উদ্দেশে রওনা হন, যেখানে তিনি সংশ্লিষ্ট বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন।
