পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে বাংলাদেশি হজযাত্রীদের যাত্রা অব্যাহত রয়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, শুক্রবার (২৫ এপ্রিল) দিবাগত রাত ২টা ৫৯ মিনিট পর্যন্ত মোট ৩২ হাজার ৫৩২ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন।
ধর্ম মন্ত্রণালয়ের হজ সংক্রান্ত বিশেষ বুলেটিনে জানানো হয়, এখন পর্যন্ত মোট ৮১টি ফ্লাইটে এসব যাত্রী সৌদি আরবে গেছেন। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৩৩টি ফ্লাইটে ১৩ হাজার ৬৮৪ জন, সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইনস (সাউদিয়া)-এর ৩০টি ফ্লাইটে ১১ হাজার ২৯৯ জন এবং ফ্লাইনাস এয়ারলাইনসের ১৮টি ফ্লাইটে ৭ হাজার ৫৪৯ জন হজযাত্রী জেদ্দায় পৌঁছেছেন।
এদিকে, চলতি হজ মৌসুমে সৌদি আরবে গিয়ে এখন পর্যন্ত দুইজন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তারা হলেন টাঙ্গাইল সদর উপজেলার মো. আবুল কাশেম এবং জয়পুরহাট সদর উপজেলার মো. নইম উদ্দীন মন্ডল। জানা গেছে, মো. আবুল কাশেম মক্কায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন। অন্যদিকে মো. নইম উদ্দীন মন্ডলও মক্কায় স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেন।
গত ১৮ এপ্রিল বাংলাদেশ থেকে হজযাত্রীদের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। ওই দিন ৪১৯ জন যাত্রী নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের প্রথম বিশেষ ফ্লাইট সৌদি আরবের উদ্দেশে রওনা দেয়। নির্ধারিত সূচি অনুযায়ী, আগামী ২১ মে পর্যন্ত হজযাত্রী পরিবহন কার্যক্রম চলবে।
হজ শেষে দেশে ফেরার ফ্লাইট শুরু হবে ৩০ মে থেকে, যা চলবে ৩০ জুন পর্যন্ত।
চলতি বছর সরকারি ব্যবস্থাপনায় হজ পালনে যাবেন ৫ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় অংশ নেবেন ৭৩ হাজার ৯৩৫ জন হজযাত্রী।
