মেগা প্রকল্পে দুর্নীতি রোধে সরকারের প্রতি আহ্বান সারজিস আলমের
ঢাকা, ৩ মে: ভবিষ্যতে মেগা প্রকল্পের আড়ালে যেন দুর্নীতি ও অর্থলুটের ঘটনা না ঘটে—এমন আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি বলেন, উন্নয়ন প্রকল্পকে কেন্দ্র করে অনিয়ম বন্ধ না করলে তা দেশের অর্থনীতির ওপর দীর্ঘমেয়াদি চাপ সৃষ্টি করবে।
রোববার দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আয়োজিত এনসিপির সংস্কার বাস্তবায়ন কমিটির জাতীয় কনভেনশনে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে জ্বালানি, অর্থনীতি সংস্কার এবং গণভোটের বিষয়েও আলোচনা হয়।
সারজিস আলম অভিযোগ করেন, গত দেড় দশকে বড় বড় প্রকল্পের নামে ব্যাপক দুর্নীতি হয়েছে, যা দেশের জন্য বোঝা হয়ে দাঁড়িয়েছে। তিনি বলেন, ক্ষমতায় টিকে থাকার স্বার্থে কোনো ঠিকাদারকে ‘ক্যাপাসিটি চার্জ’ দেওয়ার সংস্কৃতি বন্ধ করতে হবে। পাশাপাশি ঋণখেলাপি প্রবণতা ও অর্থপাচার রোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপর জোর দেন তিনি।
মেগা প্রকল্পে দুর্নীতি রোধে সরকারের প্রতি আহ্বান সারজিস আলমের……………
বিভিন্ন প্রকল্পের উদাহরণ টেনে তিনি দাবি করেন, বিদ্যুৎ ও অবকাঠামো খাতে নেওয়া কিছু চুক্তি দেশের স্বার্থের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ছিল না। এসব চুক্তির মাধ্যমে অপ্রয়োজনীয় আর্থিক দায় তৈরি হয়েছে বলে মন্তব্য করেন তিনি।
দেশের ঋণ পরিস্থিতি তুলে ধরে সারজিস বলেন, ২০০৯ সালের তুলনায় জাতীয় ঋণ কয়েকগুণ বেড়েছে, যা পরিশোধে দীর্ঘ সময় লাগবে। এতে সাধারণ জনগণের ওপরও আর্থিক চাপ বাড়ছে। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, বিগত বছরগুলোতে বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার হয়েছে।
ব্যাংকিং খাতের অনিয়ম নিয়েও উদ্বেগ প্রকাশ করেন এনসিপির এই নেতা। তার মতে, কিছু প্রভাবশালী ব্যক্তি ও গোষ্ঠী পুরো ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করে আর্থিক খাতে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে।
তিনি বলেন, সমাজে বিভাজন তৈরি হলে দুর্নীতিবাজরা সেই সুযোগ নেয়। তাই দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। একই সঙ্গে রাষ্ট্র সংস্কারের জন্য ব্যবসায়ী, আমলা ও সাধারণ জনগণসহ সকল শ্রেণির মানুষের অংশগ্রহণ জরুরি বলে উল্লেখ করেন।
বর্তমান সরকারের প্রতি আহ্বান জানিয়ে সারজিস আলম বলেন, জনগণ এখন অনেক বেশি সচেতন। তাই কোনো ধরনের অনিয়ম বা অপচেষ্টা জনগণ প্রতিহত করবে। তিনি আশা প্রকাশ করেন, সরকার দায়িত্বশীল ভূমিকা রেখে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করবে এবং একটি কাঙ্ক্ষিত বাংলাদেশ গঠনে কার্যকর পদক্ষেপ নেবে।
