গঠনমূলক সমালোচনাই গণতন্ত্রকে শক্তিশালী করে: রিজভী
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, গণতন্ত্রে সরকারের কাজের সমালোচনা করাটা বিরোধী দলের স্বাভাবিক দায়িত্ব। তবে সেই সমালোচনা হতে হবে গঠনমূলক ও দায়িত্বশীল। সরকারের ভুল-ত্রুটি তুলে ধরলে গণতন্ত্র আরও শক্তিশালী হয় এবং রাষ্ট্র পরিচালনায় কার্যকারিতা বাড়ে বলেও মন্তব্য করেন তিনি।
শুক্রবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে আগামীকাল শনিবার অনুষ্ঠিতব্য বিএনপির মতবিনিময় সভার প্রস্তুতি পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, “গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমরা দীর্ঘ ১৬ বছর আন্দোলন-সংগ্রাম করেছি। এ পথে বহু শিশু, ছাত্র, শিক্ষক ও শ্রমিক জীবন দিয়েছেন। গণতন্ত্রের মূল চেতনা হলো—সরকার তার দায়িত্ব পালন করবে, আর বিরোধী দল গঠনমূলক সমালোচনার মাধ্যমে জবাবদিহিতা নিশ্চিত করবে।”
গঠনমূলক সমালোচনাই গণতন্ত্রকে শক্তিশালী করে: রিজভী……..
তিনি আরও বলেন, “সরকারকে বিব্রত করতে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা তথ্য ছড়িয়ে আন্দোলন করা হলে তা রাজনৈতিক ষড়যন্ত্র হিসেবে বিবেচিত হবে। অতীতে শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালীন এবং ক্ষমতার বাইরে থেকেও বহু অসত্য বক্তব্য দিয়েছেন। সেই ধরনের রাজনীতি গণতন্ত্রের জন্য শুভ নয়।”
আগামীকালের মতবিনিময় সভায় বিএনপি এবং এর তিন অঙ্গসংগঠন—যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের জেলা ও মহানগর পর্যায়ের সভাপতি ও সাধারণ সম্পাদকরা অংশ নেবেন বলে জানান রিজভী।
তিনি বলেন, সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এছাড়া দলের মহাসচিবসহ জ্যেষ্ঠ নেতারাও অংশ নেবেন। সারাদেশ থেকে আগত নেতারা সাংগঠনিক কার্যক্রম এবং সরকারের বিভিন্ন পদক্ষেপ নিয়ে নিজেদের মতামত তুলে ধরবেন।
রিজভীর ভাষ্য অনুযায়ী, সরকার দায়িত্ব নেওয়ার পর গত কয়েক মাসে যেসব কার্যকর উদ্যোগ গ্রহণ করা হয়েছে এবং যেগুলো বাস্তবায়নের পথে রয়েছে, সেগুলো নিয়েও সংশ্লিষ্ট মন্ত্রীরা বিস্তারিত ব্যাখ্যা দেবেন।
তিনি আরও বলেন, “বিরোধী দল যদি দায়িত্বশীল ভূমিকা পালন করে, তাহলে গণতন্ত্র আরও সুসংহত হবে। জনগণই শেষ পর্যন্ত বিচার করবে কার বক্তব্য ও কার্যক্রম দেশের জন্য ইতিবাচক। আগামী নির্বাচনে জনগণই নির্ধারণ করবে সরকার কতটা সফল হয়েছে।”
এ সময় জাতীয়তাবাদী প্রচার দলের সভাপতি মাহফুজ কবির মুক্তা, ছাত্রদলের সহসভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়ালসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
