মিরাজের ঘূর্ণিতে ভাঙল পাকিস্তানের শতরানের উদ্বোধনী জুটি
পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে দারুণ লড়াই করছে বাংলাদেশ। মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় দিনের খেলায় বাংলাদেশের করা ৪১৩ রানের জবাবে ব্যাট করতে নেমে শক্ত ভিত গড়েছিল পাকিস্তানের ওপেনাররা। তবে সেই জুটি ভাঙেন স্পিনার মেহেদী হাসান মিরাজ।
ইনিংসের ২৫তম ওভারে মিরাজের বলে এলবিডব্লিউ হয়ে ফেরেন ইমাম-উল-হক। আউট হওয়ার আগে ৭২ বলে ৬টি চারে ৪৫ রানের কার্যকর ইনিংস খেলেন তিনি। তার বিদায়ে ১০৬ রানের উদ্বোধনী জুটির সমাপ্তি ঘটে।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত পাকিস্তানের সংগ্রহ ২৫ ওভারে ১ উইকেটে ১০৯ রান। ওপেনার আজান ওয়াইস ৫৩ রানে অপরাজিত আছেন।
মিরাজের ঘূর্ণিতে ভাঙল পাকিস্তানের শতরানের উদ্বোধনী জুটি……..
এর আগে দিনের শুরুতে ভালো খেলতে থাকা লিটন দাস ৩৩ রান করে বিদায় নেন। ৬৭ বলে ৫টি চার হাঁকানো এই উইকেটরক্ষক ব্যাটারকে ফেরান পাকিস্তানি পেসার মোহাম্মদ আব্বাস। একই বোলারের শিকার হয়ে ১০ রান করে ফিরে যান মেহেদী হাসান মিরাজও।
লাঞ্চের পর প্রথম ওভারেই বড় ধাক্কা খায় বাংলাদেশ। শাহীন শাহ আফ্রিদির দারুণ এক ডেলিভারিতে বোল্ড হন অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম। ১৭৯ বলে ৮টি চারে ৭১ রানের ধৈর্যশীল ইনিংস খেলেন তিনি। এরপর এবাদত হোসেন শূন্য রানে আউট হলে নিজের পাঁচ উইকেট পূর্ণ করেন মোহাম্মদ আব্বাস।
তবে শেষদিকে তাসকিন আহমেদের ঝড়ো ব্যাটিংয়ে ৪০০ রানের গণ্ডি পেরোয় বাংলাদেশ। ১৯ বলে ৩টি চার ও একটি ছক্কায় ২৮ রানের ক্যামিও ইনিংস খেলেন এই পেসার। শেষ পর্যন্ত আফ্রিদির বলেই সাজঘরে ফেরেন তিনি।
পাকিস্তানের বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন মোহাম্মদ আব্বাস। তিনি একাই শিকার করেন ৫ উইকেট। এছাড়া শাহীন শাহ আফ্রিদি নেন ৩টি উইকেট।
প্রথম দিনের খেলায় টস হেরে ব্যাট করতে নেমে বাংলাদেশ ৪ উইকেটে ৩০১ রান সংগ্রহ করেছিল। সেদিন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত খেলেন ১০১ রানের দারুণ এক ইনিংস। আর অভিজ্ঞ মুমিনুল হক আউট হন ৯১ রান করে। দিনের খেলা শেষে মুশফিকুর রহিম ৪৮ ও লিটন দাস ৮ রানে অপরাজিত ছিলেন।
