২০২৭ সালের এসএসসি ৭ জানুয়ারি, এইচএসসি ৬ জুন শুরু
শিক্ষার্থীদের সেশনজট কমানো, মূল্যবান সময় সাশ্রয় এবং আন্তর্জাতিক শিক্ষা ক্যালেন্ডারের সঙ্গে সামঞ্জস্য রাখতে ২০২৭ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষার সময়সূচিতে বড় পরিবর্তন আনার ঘোষণা দিয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হবে ৭ জানুয়ারি এবং এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হবে ৬ জুন।
বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এ তথ্য জানান।
শিক্ষামন্ত্রী বলেন, ২০২৭ সালের এসএসসি পরীক্ষা ৭ জানুয়ারি শুরু হয়ে ৬ ফেব্রুয়ারির মধ্যে শেষ হবে। অন্যদিকে, এইচএসসি পরীক্ষা ৬ জুন শুরু হয়ে শেষ হবে ১৩ জুলাই। পরীক্ষার রুটিন ইতোমধ্যে চূড়ান্ত করা হয়েছে এবং খুব শিগগিরই তা প্রকাশ করা হবে।
২০২৭ সালের এসএসসি ৭ জানুয়ারি, এইচএসসি ৬ জুন শুরু………..
তিনি জানান, বর্তমানে পরীক্ষার প্রস্তুতি, পরীক্ষা গ্রহণ এবং ফল প্রকাশের দীর্ঘ প্রক্রিয়ার কারণে শিক্ষার্থীদের জীবনের গুরুত্বপূর্ণ সময় নষ্ট হচ্ছে। একজন শিক্ষার্থীর সাধারণত ১৬ বছর বয়সে এসএসসি এবং ১৮ বছর বয়সে এইচএসসি সম্পন্ন করার কথা থাকলেও সেশনজটের কারণে অনেকের শিক্ষাজীবন ২০ বছর বয়স পর্যন্ত গড়াচ্ছে।
ড. মিলন বলেন, সরকার এই ব্যবধান কমিয়ে আনতে চায়। ভবিষ্যতে ডিসেম্বরকে পরীক্ষার মাস হিসেবে নির্ধারণ করে জানুয়ারি থেকেই নতুন শিক্ষাবর্ষ শুরু করার পরিকল্পনা রয়েছে।
বিদেশে উচ্চশিক্ষার সুযোগ সহজ করতে এইচএসসি পরীক্ষার সময়ও এগিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান শিক্ষামন্ত্রী। তিনি বলেন, জুন-জুলাইয়ের মধ্যে পরীক্ষা শেষ হলে শিক্ষার্থীরা আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি সেমিস্টারে সহজেই আবেদন করতে পারবে।
এ ছাড়া ফল প্রকাশের দুই মাসের মধ্যেই বিশ্ববিদ্যালয় ভর্তি কার্যক্রম শুরু করার জন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) মাধ্যমে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে সমন্বয় করা হবে বলেও জানান তিনি।
কোচিং সেন্টারের প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, শ্রেণিকক্ষভিত্তিক পাঠদান আরও কার্যকর করা এবং ইন-হাউস টিচিং জোরদার করা গেলে কোচিং নির্ভরতা অনেকটাই কমে আসবে।
শিক্ষার মান উন্নয়নে শিক্ষক প্রশিক্ষণ, শিক্ষার্থীদের পড়ার অভ্যাস গড়ে তোলা এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সঙ্গে সমন্বিতভাবে কাজ চলছে বলেও জানান তিনি।
