২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে সংঘটিত ঘটনাকে ঘিরে স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত কমিশন গঠনের দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। মঙ্গলবার (৫ মে) দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, ওই দিনের ঘটনার প্রকৃত সত্য উদঘাটন এবং দায়ীদের বিচারের আওতায় আনতে গ্রহণযোগ্য তদন্ত কমিশন গঠন এখন সময়ের দাবি।
ডা. শফিকুর রহমান শাপলা চত্বরের ঘটনাকে দেশের ইতিহাসের একটি “বেদনাবিধুর ও কলঙ্কজনক অধ্যায়” হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, ওই দিনের ঘটনা জাতির বিবেককে গভীরভাবে নাড়া দিয়েছিল এবং তা মানবতা, ন্যায়বিচার ও গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থি ছিল।
বিবৃতিতে তিনি আরও বলেন, ঘটনার দীর্ঘ সময় পার হলেও এখনো সুষ্ঠু ও নিরপেক্ষ বিচার নিশ্চিত হয়নি। এর ফলে ভুক্তভোগী পরিবারগুলো ন্যায়বিচার থেকে বঞ্চিত হচ্ছে এবং জনমনে হতাশা ও ক্ষোভ বাড়ছে।
বিচারহীনতার সংস্কৃতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে জামায়াত আমির বলেন, একটি গণতান্ত্রিক রাষ্ট্রে শান্তিপূর্ণ সমাবেশ ও মতপ্রকাশের অধিকার সাংবিধানিকভাবে স্বীকৃত। সেই অধিকার দমনে অতিরিক্ত শক্তি প্রয়োগ কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না।
তিনি ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে সত্য উদঘাটন এবং সংশ্লিষ্টদের আইনের আওতায় আনার ওপর গুরুত্বারোপ করেন।
বিবৃতির শেষাংশে ডা. শফিকুর রহমান দেশবাসীর প্রতি শান্তি, ন্যায়বিচার ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
