আইসিসির মাসসেরা ক্রিকেটার নাহিদ রানা
বাংলাদেশ ক্রিকেটের জন্য এলো আরেকটি গর্বের মুহূর্ত। দুর্দান্ত বোলিং নৈপুণ্য দেখিয়ে এপ্রিল মাসের আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ নির্বাচিত হয়েছেন টাইগার পেসার Nahid Rana। নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে অসাধারণ পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবেই এই সম্মান অর্জন করেছেন তিনি।
তিন ম্যাচের সিরিজে ডানহাতি এই গতিতারকা মোট ৮টি উইকেট শিকার করে বাংলাদেশের সিরিজ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। এর আগেও পাকিস্তানের বিপক্ষে সিরিজে সমান সংখ্যক উইকেট নিয়ে নিজের ধারাবাহিকতা প্রমাণ করেছিলেন নাহিদ।
এটাই প্রথমবার, যখন আইসিসির মাসসেরা খেলোয়াড়ের পুরস্কার জিতলেন নাহিদ রানা। তার এই অর্জনের মাধ্যমে আবারও বিশ্ব ক্রিকেটে উজ্জ্বল হলো বাংলাদেশের নাম। গত বছরের পর ফের কোনো বাংলাদেশি ক্রিকেটার এই মর্যাদাপূর্ণ স্বীকৃতি পেলেন।
আইসিসির মাসসেরা ক্রিকেটার নাহিদ রানা………..
পুরস্কার জয়ের প্রতিক্রিয়ায় নাহিদ বলেন, নিউজিল্যান্ডের মতো শক্তিশালী দলের বিপক্ষে ভালো পারফর্ম করে এমন সম্মান পাওয়া তার জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের। বিশেষ করে ঘরের মাঠে এই সাফল্য অর্জন করায় সিরিজটি তার কাছে আরও স্মরণীয় হয়ে থাকবে।
সিরিজের প্রথম ওয়ানডেতে কিছুটা ব্যয়বহুল বোলিং করলেও দ্বিতীয় ম্যাচে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ান এই তরুণ পেসার। সেই ম্যাচে ক্যারিয়ারের দ্বিতীয় পাঁচ উইকেট শিকারের কীর্তি গড়েন তিনি। এরপর শেষ ওয়ানডেতেও গুরুত্বপূর্ণ সময়ে উইকেট তুলে নিয়ে বাংলাদেশকে ২-১ ব্যবধানে সিরিজ জয়ে বড় অবদান রাখেন।
দুর্দান্ত বোলিং পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে সিরিজসেরার পুরস্কারও ওঠে নাহিদ রানার হাতেই।
