মহাকাশ গবেষণায় আধুনিক ও স্বনির্ভর স্পারসো গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর
দেশের মহাকাশ গবেষণাকে আরও আধুনিক, যুগোপযোগী ও আত্মনির্ভরশীল করার লক্ষ্যে বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো)-কে শক্তিশালী প্রতিষ্ঠানে রূপান্তরের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রোববার (২৮ জুন) সকাল ৯টা ১৫ মিনিটে রাজধানীর আগারগাঁওয়ের শেরেবাংলা নগরে অবস্থিত স্পারসোর প্রধান কার্যালয়ে আকস্মিক পরিদর্শনে যান প্রধানমন্ত্রী। পূর্বঘোষিত কোনো কর্মসূচি ছাড়াই তিনি প্রতিষ্ঠানটি পরিদর্শন করেন এবং সার্বিক কার্যক্রম ঘুরে দেখেন।
মহাকাশ গবেষণায় আধুনিক ও স্বনির্ভর স্পারসো গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর……………
পরিদর্শনের সময় প্রধানমন্ত্রী স্পারসোর বিভিন্ন বিভাগ পরিদর্শন করেন এবং কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় স্পারসোর চেয়ারম্যান মো. রাশিদুল ইসলাম প্রতিষ্ঠানটির চলমান কার্যক্রম, গবেষণা প্রকল্প এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে প্রধানমন্ত্রীকে বিস্তারিত অবহিত করেন।
পরে বিভিন্ন বিভাগের কর্মকর্তারা উপগ্রহ প্রযুক্তি, দূর অনুধাবন (রিমোট সেন্সিং), গবেষণা ও উদ্ভাবনী কার্যক্রমের অগ্রগতি তুলে ধরে একটি বিস্তারিত ব্রিফিং উপস্থাপন করেন।
ব্রিফিং শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, স্পারসোকে একটি আধুনিক, দক্ষ ও স্বনির্ভর মহাকাশ গবেষণা প্রতিষ্ঠানে পরিণত করতে হবে। তিনি জাতীয় নিরাপত্তা, দুর্যোগ ব্যবস্থাপনা, কৃষি, পরিবেশ সংরক্ষণ এবং উন্নয়ন পরিকল্পনায় মহাকাশ প্রযুক্তির কার্যকর ও বিস্তৃত ব্যবহারের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। একই সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তাদের এ লক্ষ্যে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের নির্দেশনা দেন।
পরিদর্শনকালে প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম, প্রতিরক্ষা সচিব মো. আশরাফ উদ্দিন, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, একান্ত সচিব-২ মো. মেহেদুল ইসলাম, উপ-প্রেস সচিব-১ জাহিদুল ইসলাম রনি এবং প্রতিরক্ষা মন্ত্রণালয় ও স্পারসোর ঊর্ধ্বতন কর্মকর্তারা।
উল্লেখ্য, বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) দেশের মহাকাশ বিজ্ঞান, উপগ্রহ প্রযুক্তি এবং দূর অনুধাবন প্রযুক্তির গবেষণা, উন্নয়ন ও বাস্তব প্রয়োগে নিয়োজিত জাতীয় পর্যায়ের প্রধান গবেষণা প্রতিষ্ঠান।
