বন্যার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পাঁচ জেলায় বুধবারের এইচএসসি, আলিম ও সমমানের পরীক্ষা স্থগিত
টানা ভারী বৃষ্টিপাত ও চলমান বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন পাঁচ জেলায় বুধবার (৮ জুলাই) অনুষ্ঠিতব্য এইচএসসি, আলিম ও সমমানের সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। ফলে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলার পরীক্ষার্থীরা নির্ধারিত দিনে পরীক্ষায় অংশ নিতে পারবেন না।
মঙ্গলবার (৭ জুলাই) দিবাগত রাত ১টা ১৫ মিনিটে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, চলমান বন্যা পরিস্থিতি এবং চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন সব জেলার জেলা প্রশাসকদের (ডিসি) পাঠানো প্রতিবেদন পর্যালোচনার ভিত্তিতে পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
স্থগিত হওয়া পরীক্ষার মধ্যে রয়েছে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন এইচএসসি পরীক্ষা। পাশাপাশি একই অঞ্চলে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের আলিম এবং কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি (বিএমটি), এইচএসসি (ভোকেশনাল) ও ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষা-২০২৬ও স্থগিত করা হয়েছে।
তবে দেশের অন্যান্য সাধারণ শিক্ষা বোর্ডের অধীন পরীক্ষা পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। একইভাবে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাভুক্ত পাঁচ জেলা ছাড়া দেশের অন্যান্য এলাকায় মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষাও যথারীতি অনুষ্ঠিত হবে।
স্থগিত হওয়া পরীক্ষার নতুন তারিখ ও সময়সূচি পরে বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।
উল্লেখ্য, পরীক্ষা স্থগিতের সিদ্ধান্তটি ধাপে ধাপে নেওয়া হয়। প্রথমে মঙ্গলবার রাত ১০টার দিকে চট্টগ্রাম ও রাঙ্গামাটি জেলার পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়। পরে রাত ১২টার দিকে কক্সবাজার জেলাকেও এ তালিকায় অন্তর্ভুক্ত করা হয়। সর্বশেষ রাত ১টা ১৫ মিনিটে প্রকাশিত জরুরি বিজ্ঞপ্তিতে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন পাঁচটি জেলার সব পরীক্ষা স্থগিতের চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়।
