Uncategorized

মানুষের প্রত্যাশা পূরণে ব্যর্থতার দায় স্বীকার করলেন হাসনাত আবদুল্লাহ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেছেন, জুলাই গণ-অভ্যুত্থানের পক্ষের শক্তি হিসেবে জনগণের প্রত্যাশা পূরণে তারা সফল হতে পারেননি। তিনি স্বীকার করেন, গণ-অভ্যুত্থানে আত্মত্যাগকারীদের প্রতি যে দায়িত্ব ছিল, তা যথাযথভাবে পালন করা সম্ভব হয়নি।

মানুষের প্রত্যাশা পূরণে ব্যর্থতার দায় স্বীকার করলেন হাসনাত আবদুল্লাহ…………

বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেলে ফেনীর সোনাগাজীতে এনসিপি আয়োজিত ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচির উদ্বোধনী সভায় তিনি এসব কথা বলেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, “জুলাইয়ের পক্ষের শক্তি হিসেবে আমরা মানুষের প্রত্যাশা পূরণ করতে পারিনি। চব্বিশের গণ-অভ্যুত্থানে যারা রক্ত দিয়েছেন, সেই আত্মত্যাগের প্রতি আমাদের যে দায়িত্ব ছিল, তা আমরা পুরোপুরি পালন করতে পারিনি।”

তিনি দেশের বর্তমান রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি নিয়ে সমালোচনা করে বলেন, সরকার পরিবর্তনের পরও দুর্নীতি, চাঁদাবাজি, মাদক ও নানা অনিয়মের অবসান হয়নি। জনগণের বাস্তব সমস্যার সঙ্গে সংযোগ রেখে রাজনীতি করার ওপর গুরুত্বারোপ করে তিনি মন্তব্য করেন, “এসি কক্ষে বসে মানুষের কষ্ট বোঝা যায় না। আমরা রাজনীতিকে জনগণের কাছে আরও জবাবদিহিমূলক করতে এসেছি।”

রাষ্ট্র ও সমাজের বিভিন্ন স্তরে বিভাজনের রাজনীতি এখনও বিদ্যমান রয়েছে বলেও অভিযোগ করেন এনসিপির এই নেতা। তাঁর ভাষায়, মানুষ চেয়েছিল চাঁদাবাজি ও দুর্নীতির অবসান, কিন্তু অনেক ক্ষেত্রে শুধু ক্ষমতার পক্ষ পরিবর্তন হয়েছে। তিনি বলেন, “আগে এক পক্ষ বালুর ব্যবসা ও মামলা-বাণিজ্য করত, এখন আরেক পক্ষ একই কাজ করছে।”

দেশে শিক্ষিত বেকারদের কর্মসংস্থানের সংকট, মাদক ও জুয়ার বিস্তার নিয়েও উদ্বেগ প্রকাশ করেন হাসনাত আবদুল্লাহ। তিনি অভিযোগ করেন, অবৈধ উপায়ে অনেকেই অস্বাভাবিক সম্পদের মালিক হয়ে উঠছেন, যা সামাজিক বৈষম্য ও হতাশা বাড়িয়ে দিচ্ছে।

এর আগে কর্মসূচির শুরুতে তিনি সোনাগাজীর মনগাজী এলাকায় জুলাই গণ-অভ্যুত্থানে নিহত শহীদ আব্দুল গনি বোরহানের কবর জিয়ারত করেন। পরে পৌর শহরে পদযাত্রা শেষে সোনাগাজী পৌরসভা চত্বরে একটি পথসভা অনুষ্ঠিত হয়।

উপজেলা এনসিপির আহ্বায়ক আব্দুল্যাহ আল মামুনের সভাপতিত্বে আয়োজিত সভায় দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *