Uncategorized

জুলাইয়ের আগে যা দেখেছি, জুলাইয়ের পরেও অনেক জায়গায় সেটাই দেখছি: সারজিস আলম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম বলেছেন, জুলাই আন্দোলনের আগে দেশের বিভিন্ন ক্ষেত্রে যে রাজনৈতিক সংস্কৃতি ও অনিয়ম দেখা যেত, তার অনেকটাই এখনও বহাল রয়েছে। তাঁর মতে, প্রকৃত পরিবর্তন আনতে হলে রাজনীতি, প্রশাসন, গণমাধ্যম এবং সমাজের প্রতিটি স্তরে জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।

জুলাইয়ের আগে যা দেখেছি, জুলাইয়ের পরেও অনেক জায়গায় সেটাই দেখছি: সারজিস আলম………

শনিবার (১১ জুলাই) বিকেলে রাজশাহীর গোদাগাড়ী উপজেলা সদরে এনসিপি আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সারজিস আলম বলেন, “জুলাইয়ের আগে যা দেখেছিলাম, জুলাইয়ের পরেও অনেক জায়গায় তা-ই দেখছি। স্কুলের ম্যানেজিং কমিটি নিয়ন্ত্রণ থেকে শুরু করে কে স্কুল পরিচালনা করবে, কে টেন্ডার পাবে কিংবা বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অর্থের সুবিধা নেবে—এসব নিয়ে আবারও নতুন একটি রাজনৈতিক দলের কিছু নেতাকর্মী সক্রিয় হয়ে উঠেছেন। আমরা সেই ধরনের রাজনীতির পেছনে থাকতে চাই না।”

তিনি বলেন, দীর্ঘ ৫৩ বছরে গড়ে ওঠা একটি দুর্বল ও ত্রুটিপূর্ণ ব্যবস্থা দুই বছরে পুরোপুরি বদলে ফেলা সম্ভব নয়। তবে জনগণ সচেতন থাকলে আগামী পাঁচ থেকে দশ বছরের মধ্যে একটি ইতিবাচক পরিবর্তন অবশ্যই সম্ভব বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

পরিবর্তনের সূচনা ব্যক্তি ও পরিবার থেকেই হওয়া উচিত উল্লেখ করে সারজিস বলেন, “পরিবর্তন ঘর থেকেই শুরু করতে হবে। একই সঙ্গে গণমাধ্যমকেও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। অনেক সাংবাদিক মাঠের বাস্তব তথ্য পাঠালেও কেন্দ্রীয় পর্যায়ে অনেক সময় শুধু সরকারের প্রশংসার খবরই গুরুত্ব পায়, সমালোচনামূলক প্রতিবেদন নয়। ক্ষমতাসীন দলের প্রভাব যদি গণমাধ্যম, প্রশাসন ও ব্যবসা-বাণিজ্যে বিস্তৃত হয়, তাহলে প্রকৃত পরিবর্তন কখনোই সম্ভব হবে না।”

তিনি আরও বলেন, “আমরা এমন একটি বাংলাদেশ চাই, যেখানে আর কোনো ওসমান হাদিকে হারাতে না হয় এবং রাষ্ট্রের প্রতিটি প্রতিষ্ঠান দলীয় প্রভাবমুক্ত থেকে জনগণের স্বার্থে কাজ করবে।”

আসন্ন গোদাগাড়ী উপজেলা নির্বাচনে এনসিপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী আতিকুর রহমানের পক্ষে ভোট চান সারজিস আলম। তিনি বলেন, “আমরা কৃষক পরিবারের সন্তান। আমরা বিশ্বাস করি, রাজমিস্ত্রির ছেলে হাসনাত আব্দুল্লাহ যদি সংসদে যেতে পারেন, হাতিয়ার ২৫ বছর বয়সী আবদুল হান্নান মাসউদ যদি সংসদ সদস্য হতে পারেন, তাহলে আমাদের আতিক ভাইও উপজেলা চেয়ারম্যান হওয়ার যোগ্যতা রাখেন।”

সমাবেশে আরও বক্তব্য দেন এনসিপির যুগ্ম আহ্বায়ক ও কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য আতিক মুজাহিদ, যুগ্ম সদস্য সচিব সাঈফ মুস্তাফিজ, রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন, জাতীয় নারীশক্তির সভাপতি মনিরা শারমিন এবং রাজশাহী মহানগর এনসিপির সভাপতি মোবাশ্বের আলী।

এর আগে “দেশ গড়তে জুলাই পদযাত্রা” শীর্ষক কর্মসূচির অংশ হিসেবে গোদাগাড়ী উপজেলা সদরে একটি পদযাত্রা অনুষ্ঠিত হয়। পদযাত্রায় এনসিপির নেতাকর্মী ও সমর্থকদের পাশাপাশি স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *