Uncategorized

শেরপুরের নকলায় শহীদ আব্দুল আজিজের পরিবারের খোঁজ নিলেন নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা নাহিদ ইসলাম শেরপুরের নকলা উপজেলার শহীদ আব্দুল আজিজের পরিবারের সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এ সময় তিনি পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং তাদের বর্তমান পরিস্থিতির খোঁজখবর নেন।

বৃহস্পতিবার (২৩ জুলাই) রাতে নকলা উপজেলার চরঅষ্টধর ইউনিয়নে অবস্থিত শহীদ আব্দুল আজিজের বাড়িতে যান নাহিদ ইসলাম। সেখানে তিনি পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন, তাদের অভিজ্ঞতা ও বর্তমান বাস্তবতা সম্পর্কে জানতে চান এবং বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন। সাক্ষাৎকালে স্থানীয় এনসিপির নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

শেরপুরের নকলায় শহীদ আব্দুল আজিজের পরিবারের খোঁজ নিলেন নাহিদ ইসলাম……….

জানা যায়, নকলা উপজেলার চরঅষ্টধর ইউনিয়নের বাসিন্দা মোজাম্মেলের মেজ ছেলে আব্দুল আজিজ (২৮) ঢাকায় গার্মেন্টসে কর্মরত ছিলেন। গত বছরের ৫ আগস্ট এক দফা আন্দোলনের সময় পুলিশের ছোড়া রাবার বুলেটে তিনি গুরুতর আহত হন। তার চোখ, মুখসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে। পরে সহকর্মী নাজিমের সহায়তায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে দুই দিন চিকিৎসাধীন থাকার পর ৭ আগস্ট তিনি মারা যান।

পরবর্তীতে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। পরে তার মা বাদী হয়ে উত্তরা পূর্ব থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্তের স্বার্থে আব্দুল আজিজের মরদেহ কবর থেকে উত্তোলন করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছিল।

এদিকে, এনসিপির শেরপুর জেলা শাখার আহ্বায়ক লিখন মিয়া জানান, জামালপুরে দলের পদযাত্রা কর্মসূচি শেষ করে ঢাকায় ফেরার পথে নাহিদ ইসলাম নকলায় শহীদ আব্দুল আজিজের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি আরও বলেন, শেরপুরে নির্ধারিত পদযাত্রা কর্মসূচি বিশেষ কারণে স্থগিত করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *