Uncategorized

বঙ্গভবনে অফিস, স্পিকারের বাসভবনে থাকবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর বঙ্গভবনে নিয়মিত দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করবেন হাফিজ উদ্দিন আহমদ, বীরবিক্রম। তবে তাঁর সরকারি আবাস হবে জাতীয় সংসদ ভবন এলাকার স্পিকারের সরকারি বাসভবন।

শুক্রবার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করার পর সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন। এ বিষয়ে একই দিন মন্ত্রিপরিষদ বিভাগ একটি প্রজ্ঞাপন জারি করে, যেখানে বলা হয়—পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত তিনি রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। প্রজ্ঞাপনটি অবিলম্বে কার্যকর হয়েছে।

বঙ্গভবনে অফিস, স্পিকারের বাসভবনে থাকবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ……….

সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, দাপ্তরিক কার্যক্রম বঙ্গভবনে পরিচালিত হলেও ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে তিনি স্পিকারের সরকারি বাসভবনেই অবস্থান করবেন। ইতোমধ্যে জাতীয় সংসদ প্রাঙ্গণে অবস্থিত ওই বাসভবন এবং এর আশপাশের এলাকায় রাষ্ট্রপতির নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।

এদিকে দায়িত্ব গ্রহণের পর আজ রবিবার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির প্রথম আনুষ্ঠানিক কর্মসূচি নির্ধারণ করা হয়েছে। সকাল সাড়ে ১১টায় তিনি সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। পরে দুপুর সাড়ে ১২টায় রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও জিয়ারতে অংশ নেবেন।

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালনের মধ্য দিয়ে সাংবিধানিক ধারাবাহিকতা বজায় থাকলেও নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত তিনি রাষ্ট্রপ্রধানের দায়িত্ব পালন করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *