Uncategorized

আজ বিএনপির স্থায়ী কমিটির বৈঠক, রাষ্ট্রপতি নির্বাচনই থাকতে পারে প্রধান আলোচনায়

রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী মনোনয়ন, দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি এবং সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে আজ (শনিবার) সন্ধ্যায় বৈঠকে বসছে বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটি। দলটির একাধিক দায়িত্বশীল সূত্রের তথ্য অনুযায়ী, বৈঠকের সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় হতে পারে নতুন রাষ্ট্রপতি নির্বাচন।

দলীয় সূত্র জানায়, চলতি আগস্ট মাসের মধ্যেই নতুন রাষ্ট্রপতি নির্বাচন সম্পন্ন করার বিষয়ে বিএনপির শীর্ষ নেতৃত্বের পরিকল্পনা রয়েছে। এ লক্ষ্যে রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী কে হবেন, তা নিয়ে স্থায়ী কমিটির সদস্যদের মধ্যে বিস্তারিত আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ওপর ছেড়ে দেওয়া হতে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন দলটির একাধিক জ্যেষ্ঠ নেতা।

আজ বিএনপির স্থায়ী কমিটির বৈঠক, রাষ্ট্রপতি নির্বাচনই থাকতে পারে প্রধান আলোচনায়………..

এর আগে, গত ২৬ জুলাই বগুড়ায় এক কর্মসূচিতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের জানিয়েছিলেন, রাষ্ট্রপতি পদে দলীয় নাকি নির্দলীয় কাউকে প্রার্থী করা হবে—সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে জাতীয় স্থায়ী কমিটির বৈঠকেই। তিনি বলেন, সংবিধান ও প্রচলিত আইন অনুসারেই এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

যদিও সম্ভাব্য প্রার্থীর বিষয়ে বিএনপির শীর্ষ নেতারা এখনো প্রকাশ্যে কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে দলীয় অন্দরে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম। দীর্ঘদিন ধরে দলের মহাসচিব হিসেবে দায়িত্ব পালন, রাজনৈতিক সংকট মোকাবিলায় নেতৃত্ব, পরিচ্ছন্ন ভাবমূর্তি এবং দলীয় সীমার বাইরে গ্রহণযোগ্যতা—এসব কারণেই সম্ভাব্য প্রার্থীদের তালিকায় তিনি এগিয়ে রয়েছেন বলে মনে করছেন সংশ্লিষ্ট নেতারা।

এ ছাড়া স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, আবদুল মঈন খান এবং নজরুল ইসলাম খানের নামও সম্ভাব্য প্রার্থী হিসেবে রাজনৈতিক মহলে আলোচনায় রয়েছে।

বিএনপির নীতিনির্ধারকদের মতে, রাষ্ট্রপতির পদ কেবল আনুষ্ঠানিক নয়; সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা এবং বিশেষ পরিস্থিতিতে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে এ পদ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই রাষ্ট্রপতি নির্বাচনকে ঘিরে দলটি সতর্কতা ও রাজনৈতিক বাস্তবতা বিবেচনায় নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করতে চায়।

উল্লেখ্য, গত ২৪ জুলাই রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করার পর সংবিধান অনুযায়ী জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন সম্পন্ন করার বাধ্যবাধকতা রয়েছে।

দলীয় সূত্র আরও জানিয়েছে, বিএনপির ঘোষিত ৩১ দফা কিংবা জুলাই সনদে রাষ্ট্রপতি নির্বাচনের যে নতুন পদ্ধতির প্রস্তাব ছিল, তা এবার কার্যকর হচ্ছে না। ফলে বিদ্যমান সাংবিধানিক বিধান অনুযায়ী জাতীয় সংসদে সংখ্যাগরিষ্ঠ দলের মনোনীত প্রার্থীর নির্বাচিত হওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি বলে রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *