সাগরে দুই স্বজনের মৃত্যু, উল্টে যাওয়া নৌকা আঁকড়ে ৩ দিন পর কিশোরের অলৌকিক উদ্ধার
যুক্তরাষ্ট্রের আলাস্কা উপকূলে মাছ ধরতে গিয়ে নৌকা উল্টে যাওয়ার পর টানা কয়েক দিন সমুদ্রে ভেসে থেকে প্রাণে বেঁচে ফিরেছে ১৫ বছর বয়সী এক কিশোর। ভয়াবহ দুর্ঘটনায় তার বড় ভাই ও এক চাচাতো ভাই মারা গেলেও উল্টে যাওয়া নৌকাটি আঁকড়ে ধরে জীবনযুদ্ধে জয়ী হয়েছে সে।
সাগরে দুই স্বজনের মৃত্যু, উল্টে যাওয়া নৌকা আঁকড়ে ৩ দিন পর কিশোরের অলৌকিক উদ্ধার…..
কিশোরটির নাম ডেরেক পার্কার আগনাঙ্গা। গত ৪ সেপ্টেম্বর আলাস্কার সেন্ট লরেন্স দ্বীপ থেকে ১৮ ফুটের একটি নৌকায় করে মাছ ধরতে বেরিয়েছিল ডেরেক, তার বড় ভাই ও চাচাতো ভাই। কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে গেলেও তারা ফিরে না আসায় শুরু হয় অনুসন্ধান।
অবশেষে ৭ সেপ্টেম্বর সকালে কোস্ট গার্ডের একটি বিমান সমুদ্রে উল্টে থাকা নৌকাটি শনাক্ত করে। নৌকার ওপর একা বসে ছিল ডেরেক। খবর পেয়ে কাছাকাছি থাকা একটি মাছ ধরার নৌকা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে।
উদ্ধারকারী নৌকার ক্যাপ্টেন অ্যাডাম হোয়াইট জানান, ডেরেক তখন প্রচণ্ড ঠান্ডা ও অন্ধকারের মধ্যে নৌকাটি শক্ত করে আঁকড়ে ধরে ছিল। সমুদ্রের পানির তাপমাত্রা ছিল প্রায় ১০ ডিগ্রি সেলসিয়াস। দীর্ঘ সময় ঠান্ডা পানিতে থাকার কারণে তার শরীরের তাপমাত্রা বিপজ্জনকভাবে কমে গিয়েছিল এবং সে হাইপোথার্মিয়ায় আক্রান্ত হয়।
সাগরে দুই স্বজনের মৃত্যু, উল্টে যাওয়া নৌকা আঁকড়ে ৩ দিন পর কিশোরের অলৌকিক উদ্ধার…..
শুধু ঠান্ডাই নয়, খাবার ও পানির সংকটও ছিল তীব্র। তবু হাল ছাড়েনি ডেরেক। বেঁচে থাকার শেষ আশাটুকু আঁকড়ে ধরে সে উল্টে যাওয়া অ্যালুমিনিয়ামের নৌকার ওপর অবস্থান করছিল।
উদ্ধারের পর ডেরেককে দ্রুত নিরাপদ স্থানে নেওয়া হয়। পরে তার বড় ভাই ও চাচাতো ভাইয়ের মরদেহও উদ্ধার করা হয়।
সাগরে দুই স্বজনের মৃত্যু, উল্টে যাওয়া নৌকা আঁকড়ে ৩ দিন পর কিশোরের অলৌকিক উদ্ধার….
স্বজনদের হারানোর গভীর শোকের মধ্যেও ডেরেকের এই বেঁচে ফেরাকে অলৌকিক বলেই মনে করছেন উদ্ধারকারীরা। প্রতিকূল সমুদ্র, হিমশীতল পানি, অন্ধকার ও খাবার-পানির সংকট—সবকিছুকে পেছনে ফেলে ১৫ বছর বয়সী এই কিশোরের বেঁচে থাকার লড়াই এখন আলোচনার বিষয় হয়ে উঠেছে।
