আন্তর্জাতিক

সিরিয়ায় অস্ত্রের গুদামে ভয়াবহ বিস্ফোরণ, আহত ৪

সিরিয়ার উত্তরাঞ্চলীয় আলেপ্পো শহরের কাছে একটি অস্ত্রের গুদামে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত চারজন আহত হয়েছেন। বিস্ফোরণের পর ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। নিরাপত্তার স্বার্থে স্থানীয় বাসিন্দাদের ওই এলাকা থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।

সিরিয়ায় অস্ত্রের গুদামে ভয়াবহ বিস্ফোরণ, আহত ৪….

সোমবার (২১ সেপ্টেম্বর) ভোরে আলেপ্পো শহরের দক্ষিণে আল-এইস এলাকার কাছে সিরীয় সেনাবাহিনীর একটি স্থাপনায় একের পর এক বিস্ফোরণ ঘটে। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা এ তথ্য জানিয়েছে। তবে বিস্ফোরণের সঠিক কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

আলেপ্পোর বেসামরিক প্রতিরক্ষা বিভাগের প্রধান ফয়সাল মোহাম্মদ আলী সানাকে জানান, উদ্ধারকারী দল ঘটনাস্থল থেকে চারজন আহত ব্যক্তিকে সরিয়ে হাসপাতালে পাঠিয়েছে।

সিরিয়ায় অস্ত্রের গুদামে ভয়াবহ বিস্ফোরণ, আহত ৪….

আলেপ্পো থেকে আলজাজিরার প্রতিবেদক ওবায়দা হিত্তো জানান, প্রথম বিস্ফোরণের পর সেখানে পরপর আরও কয়েকটি বিস্ফোরণ ঘটে। কয়েক কিলোমিটার দূর থেকেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে তিনি জানান। ঘটনাস্থলের দিকে একের পর এক অ্যাম্বুলেন্স ও অগ্নিনির্বাপণকারী গাড়ি যেতে দেখা যায়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আলেপ্পোর গভর্নর আজ্জাম আল-ঘারিব স্থানীয় বাসিন্দাদের আপাতত বাড়ির বাইরে না যাওয়ার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে হাসপাতাল, অ্যাম্বুলেন্স ও জরুরি সেবাদানকারী দলগুলোকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে।

আলেপ্পোর অভ্যন্তরীণ নিরাপত্তা কমান্ড জানিয়েছে, বেসামরিক মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে বিস্ফোরণস্থলের আশপাশের কয়েকটি সড়কে চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।

এদিকে আলেপ্পোর হামদানিয়েহ এলাকার এক বাসিন্দা এএফপিকে জানিয়েছেন, ভোরে তারা প্রচণ্ড বিস্ফোরণের শব্দ শুনতে পান। পরে বাড়ির ছাদে উঠে দূরে বড় আগুনের শিখা দেখতে পান।

বিস্ফোরণের কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে ঘটনাস্থলে উদ্ধার ও নিরাপত্তা কার্যক্রম চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *