জাতীয়

সীমান্তে আটক দুই পুলিশ সদস্যকে ১৫ ঘণ্টা পর ফেরত দিল বিএসএফ

কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে আটক বাংলাদেশ পুলিশের দুই সদস্যকে প্রায় ১৫ ঘণ্টা পর ফেরত দেওয়া হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) দুপুরে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক শেষে তাঁদের বাংলাদেশের কাছে হস্তান্তর করা হয়।

সীমান্তে আটক দুই পুলিশ সদস্যকে ১৫ ঘণ্টা পর ফেরত দিল বিএসএফ…..

ফেরত পাওয়া দুই পুলিশ সদস্য হলেন ব্রাহ্মণপাড়া থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. ইমরান হোসেন ও কনস্টেবল রোহিত দেওয়ান।

শুক্রবার দুপুর ১টা ৩৫ মিনিটে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল সীমান্তের ২০৫৯ নম্বর প্রধান সীমান্ত পিলারের কাছাকাছি বিজিবির সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) ও বিএসএফের ৪৯ ব্যাটালিয়নের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ের ওই বৈঠক শেষে দুই পুলিশ সদস্যকে বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ। পরে দুপুর ১টা ৪২ মিনিটে তাঁদের বাংলাদেশ পুলিশের কাছে বুঝিয়ে দেওয়া হয়।

বিজিবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দুই বাহিনীর মধ্যে কার্যকর যোগাযোগের মাধ্যমে পতাকা বৈঠক আয়োজন করে আটক দুই পুলিশ সদস্যকে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে।

দুপুর পৌনে ২টার দিকে ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন জানান, দুই পুলিশ সদস্যকে বুঝে পাওয়া গেছে। তাঁরা দুজনই সুস্থ আছেন।

পতাকা বৈঠকে সুলতানপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলাম, পুলিশের এএসপি মো. শাহিন, ব্রাহ্মণপাড়া থানার ওসি মো. ফারুক হোসেন এবং শশীদল বিওপির কমান্ডার সুবেদার মোহাম্মদ তাকবীর হোসেন উপস্থিত ছিলেন।

যেভাবে আটক হন দুই পুলিশ সদস্য

পুলিশের ভাষ্য অনুযায়ী, বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে ব্রাহ্মণপাড়া থানার একটি দল আশাবাড়ি সীমান্ত এলাকায় মাদকবিরোধী অভিযান চালাতে যায়। দুটি সিএনজিচালিত অটোরিকশায় ওই দলে পাঁচজন কনস্টেবল ও একজন এএসআই ছিলেন।

অভিযান চলাকালে এক মাদক কারবারি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করেন। এ সময় কনস্টেবল রোহিত দেওয়ান তাঁকে ধাওয়া করতে গিয়ে ভুলবশত সীমান্ত অতিক্রম করেন। পরে সীমান্ত এলাকায় থাকা কয়েকজন ভারতীয় নাগরিক তাঁকে আটক করেন।

সহকর্মীকে ছাড়িয়ে আনতে গেলে এএসআই ইমরান হোসেনও আটক হন। পরে সেখানে উপস্থিত বিএসএফ সদস্যদের ডেকে এনে দুই পুলিশ সদস্যকে তাঁদের হাতে তুলে দেওয়া হয়।

ওসি মো. ফারুক হোসেন জানান, টহল দলের অন্য সদস্যরা নিরাপদ দূরত্বে সরে গিয়ে বিষয়টি পুলিশ ও বিজিবিকে অবহিত করেন। এরপর দুই বাহিনীর মধ্যে যোগাযোগের মাধ্যমে তাঁদের ফেরত আনার উদ্যোগ নেওয়া হয়।

অবশেষে শুক্রবার দুপুরে পতাকা বৈঠকের মাধ্যমে আটক দুই পুলিশ সদস্যকে দেশে ফিরিয়ে আনা হয়।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।