এক বছরের মধ্যে দেশের সব স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করার পরিকল্পনা নিয়েছে সরকার বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার (৫ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত ডিসি সম্মেলনের এক অধিবেশন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান। মন্ত্রী বলেন, নির্বাচন প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে ইতোমধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে এবং আগামী এক বছরের মধ্যেই দেশের সব স্থানীয় সরকার প্রতিষ্ঠানে নির্বাচন শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
তিনি আরও জানান, মাঠ প্রশাসনের কর্মকর্তাদের জনগণের সঙ্গে সমন্বয় রেখে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে, যাতে সেবা কার্যক্রম আরও কার্যকর ও জনবান্ধব হয়। পাশাপাশি, স্থানীয় সরকার ব্যবস্থায় অতীতে যে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে, সেগুলো খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও উল্লেখ করেন তিনি।
এদিকে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান জানান, চলতি বছরের শেষ দিক থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে। পুরো নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হতে প্রায় ১০ মাস থেকে এক বছর সময় লাগবে বলে ধারণা করা হচ্ছে।
তিনি আরও বলেন, উপজেলা পরিষদ বাতিলের কোনো পরিকল্পনা সরকারের নেই। নির্বাচন আয়োজনের আগে প্রয়োজনীয় সব প্রস্তুতি ধাপে ধাপে সম্পন্ন করা হচ্ছে।
