ওয়াশিংটনের এক নৈশভোজ অনুষ্ঠানে গোলাগুলির ঘটনায় ইরানের কোনো সংশ্লিষ্টতা নেই বলে স্পষ্ট জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, এ ঘটনায় বিদেশি কোনো শক্তির সম্পৃক্ততার প্রমাণ এখন পর্যন্ত পাওয়া যায়নি, তবে তদন্ত অব্যাহত থাকবে।
ঘটনাটি ঘটে হোয়াইট হাউস অ্যাসোসিয়েশনের এক নৈশভোজে, যেখানে হঠাৎ গুলির শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে উপস্থিত অতিথিদের মধ্যে। পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনলেও ঘটনাটি নিয়ে দেশজুড়ে উদ্বেগ তৈরি হয়েছে।
ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল টড ব্লাঞ্চ জানিয়েছেন, এই হামলাকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং খুব শিগগিরই এ ঘটনায় আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হবে।
এফবিআই পরিচালক কাশ প্যাটেল বলেন, তদন্তকারীরা ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া অস্ত্রগুলো পরীক্ষা করছেন এবং প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে তথ্য সংগ্রহ করছেন, যাতে হামলার পেছনের প্রকৃত কারণ উদঘাটন করা যায়।
অন্তর্বর্তীকালীন পুলিশ প্রধান জেফরি ক্যারল জানিয়েছেন, সন্দেহভাজন ব্যক্তির কাছে একাধিক অস্ত্র ছিল। তবে এই মুহূর্তে অতিরিক্ত কোনো হামলাকারীর সংশ্লিষ্টতার ইঙ্গিত পাওয়া যায়নি।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প হামলাকারীকে ‘উন্মাদ’ বলে উল্লেখ করেন। তিনি বলেন, হামলাকারী অপেশাদার মনে হলেও তার পেছনে ভেতরের বা বাইরের কোনো সহযোগিতা থাকতে পারে। তবে তার প্রাথমিক ধারণা, হামলাটি একজন ব্যক্তিই ঘটিয়েছে।
এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার রাখা হবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।
