কক্সবাজারে মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন
কক্সবাজারের নবগঠিত মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১৩ জুন) সন্ধ্যায় আয়োজিত এক অনুষ্ঠানে তিনি আনুষ্ঠানিকভাবে এ ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন। এ সময় দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তাসহ স্থানীয় জনপ্রতিনিধি ও সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন।
কক্সবাজারে মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন…………..
উল্লেখ্য, গত ৭ মে প্রশাসনিক পুনর্বিন্যাস-সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (এনআইসিএআর) ১২০তম সভায় মাতামুহুরী উপজেলা গঠনের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। চকরিয়া উপজেলার দক্ষিণাঞ্চলের কয়েকটি ইউনিয়ন নিয়ে নতুন এই প্রশাসনিক ইউনিট প্রতিষ্ঠা করা হয়েছে।
নবগঠিত মাতামুহুরী উপজেলার অন্তর্ভুক্ত সাতটি ইউনিয়ন হলো— বদরখালী, পূর্ব বড় ভেওলা, পশ্চিম বড় ভেওলা, সাহারবিল, ভেওলা মানিকচর, ঢেমুশিয়া এবং কেনাখালী।
মাতামুহুরী নদীর তীরঘেঁষা এ উপজেলার আয়তন প্রায় ১৪৩ দশমিক ৮ বর্গকিলোমিটার। নতুন উপজেলা ও থানা প্রতিষ্ঠার ফলে এলাকার প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং স্থানীয় জনগণ সরকারি সেবা সহজে ও দ্রুত পাওয়ার সুযোগ পাবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।
