Uncategorized

জাহেদ উর রহমানকে দিল্লিতে প্রবেশে বাধা: ভারতীয় ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব

প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজিবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমানকে ভারতের রাজধানী দিল্লিতে প্রবেশে বাধা দেওয়ার ঘটনায় ভারতীয় ভারপ্রাপ্ত হাইকমিশনার পাওয়ান কুমার বঢ়েকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করেছে বাংলাদেশ সরকার।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, এ ঘটনায় বাংলাদেশ গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং আনুষ্ঠানিকভাবে প্রতিবাদ জানাতে ভারতীয় কূটনীতিককে ডাকা হয়েছে।

সূত্র অনুযায়ী, ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের (আইওআরএ) জ্যেষ্ঠ কর্মকর্তাদের দুই দিনের বৈঠকে অংশ নিতে রোববার সন্ধ্যায় দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান জাহেদ উর রহমান। ওই বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেওয়ার কথা ছিল তার।

জাহেদ উর রহমানকে দিল্লিতে প্রবেশে বাধা: ভারতীয় ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব……………

তবে প্রয়োজনীয় কূটনৈতিক যোগাযোগ ও পূর্ব অবহিতকরণ থাকা সত্ত্বেও ভারতের ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে দিল্লিতে প্রবেশের অনুমতি দেয়নি বলে জানা গেছে। পরবর্তীতে উচ্চপর্যায়ের নির্দেশনার পর প্রবেশের অনুমতি মিললেও জাহেদ উর রহমান ভারত সফর অব্যাহত না রেখে কলম্বো হয়ে ঢাকায় ফেরার সিদ্ধান্ত নেন। তিনি সোমবার দুপুরে দেশে ফিরে আসেন।

এ ঘটনায় প্রতিক্রিয়া জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ঘটনাটিকে “অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক” বলে অভিহিত করেছেন। তিনি বলেন, একজন উচ্চপর্যায়ের সরকারি প্রতিনিধির সঙ্গে এমন আচরণ গ্রহণযোগ্য নয় এবং বিষয়টি নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় যথাযথ কূটনৈতিক পদক্ষেপ গ্রহণ করছে।

কূটনৈতিক মহলে ঘটনাটি বাংলাদেশ-ভারত সম্পর্কের প্রেক্ষাপটে তাৎপর্যপূর্ণ হিসেবে বিবেচিত হচ্ছে। বিষয়টি নিয়ে উভয় দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মধ্যে যোগাযোগ অব্যাহত রয়েছে বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *