বাংলাদেশ

খুলনায় পরিত্যক্ত ভবন থেকে অজ্ঞাত যুবতীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

খুলনা নগরীর সিঅ্যান্ডবি কলোনির একটি পরিত্যক্ত ভবন থেকে অজ্ঞাতপরিচয় এক যুবতীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রায় ১৫ দিন আগে তার মৃত্যু হয়েছে। তবে এটি হত্যা নাকি অন্য কোনো কারণে মৃত্যু, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

খুলনায় পরিত্যক্ত ভবন থেকে অজ্ঞাত যুবতীর অর্ধগলিত মরদেহ উদ্ধার….

মঙ্গলবার (২০ অক্টোবর) রাত সোয়া ১০টার দিকে সোনাডাঙ্গা থানা পুলিশ ছয়তলা পরিত্যক্ত ভবনটির দ্বিতীয় তলার একটি রান্নাঘর থেকে মরদেহটি উদ্ধার করে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভবনটির দ্বিতীয় তলার রান্নাঘরে মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, উদ্ধার করা মরদেহটি ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ওসি আরও জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন পর্যালোচনা করে ধারণা করা হচ্ছে, প্রায় ১৫ দিন আগে ওই যুবতীর মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে পড়ে থাকা স্যান্ডেল দেখে নিহতের বয়স সম্পর্কে প্রাথমিক ধারণা করা হচ্ছে। তবে এখনো তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

নিহতের পরিচয় নিশ্চিত করতে পুলিশ কাজ করছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের অগ্রগতির ভিত্তিতে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।