Uncategorized

ধাপে ধাপে সংস্কার বাস্তবায়নে আইএমএফের সমর্থন, বললেন অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশের বর্তমান অর্থনৈতিক বাস্তবতা বিবেচনায় নিয়ে সরকার প্রয়োজনীয় সংস্কার ধাপে ধাপে বাস্তবায়ন করবে। রাতারাতি বড় ধরনের পরিবর্তন আনা সম্ভব নয় এবং এ বিষয়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) সরকারের অবস্থানের সঙ্গে একমত হয়েছে। কোন সংস্কার কখন বাস্তবায়ন করা হবে, তা অগ্রাধিকার নির্ধারণ করেই এগিয়ে নেওয়া হবে।

সোমবার সচিবালয়ে আইএমএফের বাংলাদেশ ও হংকংবিষয়ক মিশনপ্রধান ইভ ক্রজনারের নেতৃত্বাধীন প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

ধাপে ধাপে সংস্কার বাস্তবায়নে আইএমএফের সমর্থন, বললেন অর্থমন্ত্রী…………..

অর্থমন্ত্রী জানান, বৈঠকে নতুন ঋণ কর্মসূচির ভিত্তি, নীতিমালা এবং বাস্তবায়ন কৌশল নিয়ে দুই পক্ষের মধ্যে ইতিবাচক ও ফলপ্রসূ আলোচনা হয়েছে। সরকারের প্রস্তাবিত নীতিগত কাঠামোর প্রতি আইএমএফ সম্মতি জানিয়েছে এবং ভবিষ্যৎ সহযোগিতার বিষয়ে একটি সুস্পষ্ট ধারণা তৈরি হয়েছে।

তিনি বলেন, একটি নির্বাচিত রাজনৈতিক সরকারের জনগণের প্রতি দায়বদ্ধতা রয়েছে। তাই অর্থনৈতিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। আইএমএফও সরকারের এই রাজনৈতিক দায়িত্বশীলতাকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করেছে এবং ইতিবাচকভাবে মূল্যায়ন করেছে।

বর্তমান সরকারের প্রথম চার মাসের কার্যক্রমের মূল্যায়ন করতে গিয়ে অর্থমন্ত্রী বলেন, আর্থিক খাতের সংস্কার, শেয়ার ও পুঁজিবাজারের উন্নয়ন এবং রাজস্ব আদায়ে সরকারের নেওয়া পদক্ষেপে আইএমএফ সন্তোষ প্রকাশ করেছে। তাঁর দাবি, দেশের ইতিহাসে প্রথমবারের মতো মাত্র চার মাসেই কর আদায়ে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। একই সঙ্গে কর-জিডিপি অনুপাত বাড়ানোর লক্ষ্যে সরকারের পরিকল্পনাও আইএমএফের সঙ্গে আলোচনায় ইতিবাচক সাড়া পেয়েছে।

ভর্তুকি নীতির বিষয়ে জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, এ নিয়ে এখনো কোনো নির্দিষ্ট শর্ত বা বিস্তারিত আলোচনা হয়নি। আপাতত নতুন ঋণ কর্মসূচির মৌলিক কাঠামো ও নীতিগত ভিত্তি নিয়েই আলোচনা চলছে। পরবর্তী পর্যায়ে ভর্তুকিসহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হবে।

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন পে-স্কেল বাস্তবায়ন প্রসঙ্গে তিনি জানান, সোমবারের বৈঠকে এ বিষয়ে কোনো আলোচনা হয়নি। তবে এখন পর্যন্ত যেসব বিষয়ে আলোচনা হয়েছে, সেগুলোতে সন্তোষজনক অগ্রগতি হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

নতুন ঋণ কর্মসূচি সম্পর্কে অর্থমন্ত্রী বলেন, আইএমএফ কিছু সংস্কারমূলক শর্ত দিয়েছে, যা সরকার পর্যায়ক্রমে বাস্তবায়ন করবে। এ বিষয়ে আলোচনা অব্যাহত রয়েছে। আগামী সেপ্টেম্বর বা অক্টোবরে বিশ্বব্যাংক ও আইএমএফের বার্ষিক সভার সময় আবারও এ নিয়ে বিস্তারিত আলোচনা হবে।

তিনি আরও বলেন, বর্তমান সরকারের চলমান সংস্কার কার্যক্রমে আইএমএফ সন্তুষ্ট। সেই ইতিবাচক মূল্যায়নের ভিত্তিতেই নতুন ঋণ কর্মসূচি চূড়ান্ত করার প্রক্রিয়া এগিয়ে নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *