নির্বাচন বানচালের চেষ্টা হলে নেতানিয়াহুকে ‘লাঠি-পাথর দিয়ে ক্ষমতাচ্যুত’ করার আহ্বান সাবেক প্রধানমন্ত্রী এহুদ বারাকের
ইসরাইলের সাবেক প্রধানমন্ত্রী এহুদ বারাক বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে কড়া অবস্থান নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন। তিনি দাবি করেছেন, নেতানিয়াহু যদি আসন্ন সাধারণ নির্বাচন ব্যাহত বা বানচালের চেষ্টা করেন, তাহলে জনগণকে প্রয়োজনে রাস্তায় নেমে ‘লাঠি ও পাথর’ হাতে তার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
রোববার (১৪ জুন) ইসরাইলের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম ‘কান’-কে দেওয়া এক সাক্ষাৎকারে বারাক এ মন্তব্য করেন। ১৯৯৯ থেকে ২০০১ সাল পর্যন্ত দেশটির প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করা বারাক বলেন, নেতানিয়াহু ক্ষমতা ধরে রাখার জন্য নির্বাচন প্রক্রিয়া বাধাগ্রস্ত করার পথ বেছে নিতে পারেন।
তার ভাষ্য অনুযায়ী, প্রধানমন্ত্রী নতুন করে লেবাননে সামরিক অভিযান শুরু করে রাজনৈতিক পরিস্থিতিকে অস্থিতিশীল করতে পারেন। এতে হিজবুল্লাহ ও ইরানের পাল্টা হামলার ঝুঁকি তৈরি হবে, যা নির্বাচনী প্রক্রিয়াকে প্রভাবিত করতে পারে।
এহুদ বারাক আরও অভিযোগ করেন, নেতানিয়াহু একটি দীর্ঘস্থায়ী যুদ্ধ পরিস্থিতি বজায় রাখতে আগ্রহী। কারণ যুদ্ধ শেষ হলে তার বিরুদ্ধে চলমান দুর্নীতির মামলাগুলোর বিচার আরও দ্রুত অগ্রসর হতে পারে। তিনি দাবি করেন, হামাসের সঙ্গে বন্দি বিনিময় চুক্তির ক্ষেত্রে যেমন অগ্রগতি বাধাগ্রস্ত হয়েছে, তেমনি লেবাননের সঙ্গে সম্ভাব্য শান্তি উদ্যোগও স্থবির করে রাখা হয়েছে।
বর্তমানে ৭৬ বছর বয়সী নেতানিয়াহু ২০২২ সালের ডিসেম্বর থেকে ক্ষমতায় রয়েছেন। তার নেতৃত্বাধীন সরকারকে ইসরাইলের ইতিহাসের অন্যতম কট্টর ডানপন্থী সরকার হিসেবে বিবেচনা করা হয়। আগামী সেপ্টেম্বর বা অক্টোবরের মধ্যে দেশটিতে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
নেতানিয়াহু বর্তমানে দুর্নীতির একাধিক অভিযোগে ইসরাইলের আদালতে বিচারাধীন। পাশাপাশি গাজা যুদ্ধকে কেন্দ্র করে যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।
সাক্ষাৎকারে বারাক যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য সমঝোতা বা শান্তি চুক্তির বিষয়েও তীব্র সমালোচনা করেন। তিনি চুক্তিটিকে “খারাপ” এবং “খুবই খারাপ” বলে অভিহিত করে বলেন, নেতানিয়াহুর রাজনৈতিক দূরদর্শিতার অভাব এবং অহংকারের কারণেই ইসরাইলকে বর্তমান পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে। একই সঙ্গে তিনি দাবি করেন, ইরানের বিরুদ্ধে পরিচালিত অভিযানের মাধ্যমে ইসরাইল তার ঘোষিত লক্ষ্য অর্জন করতে পারেনি।
এদিকে বারাকের এই মন্তব্য দেশটির রাজনৈতিক অঙ্গনে ব্যাপক প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে। নেতানিয়াহুর দল লিকুদ পার্টির আইনপ্রণেতা এবং নেসেটের পররাষ্ট্র ও প্রতিরক্ষা কমিটির চেয়ারম্যান বোয়াজ বিসমুথ সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ফৌজদারি তদন্তের দাবি জানিয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বিসমুথ বলেন, এহুদ বারাকের বক্তব্য দায়িত্বশীল রাজনৈতিক আচরণের পরিপন্থী এবং এটি সহিংসতাকে উসকে দেওয়ার শামিল। তিনি মন্তব্য করেন, বারাকের মানসিক সুস্থতা যাচাই করা উচিত এবং প্রয়োজন হলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া উচিত।
বিশ্লেষকদের মতে, নির্বাচনকে ঘিরে ইসরাইলের রাজনৈতিক অঙ্গনে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই বারাকের এই মন্তব্য নতুন বিতর্কের জন্ম দিয়েছে। ফলে আগামী নির্বাচনের আগে দেশটির রাজনৈতিক মেরুকরণ আরও তীব্র হতে পারে।
