Uncategorized

দুটির বেশি সন্তান হলে মাতৃত্বকালীন ছুটি সীমিত করার বিধান স্থগিত চেয়ে হাইকোর্টে রিট

দুইয়ের অধিক সন্তান জন্ম দিলে মাতৃত্বকালীন ছুটি ও মাতৃত্বজনিত সুবিধা সীমিত বা বাতিল করার বিধানের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে একটি রিট আবেদন দায়ের করা হয়েছে।

সোমবার (১৫ জুন) সুপ্রিম কোর্টের আইনজীবী ইশরাত হাসান হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট আবেদন দাখিল করেন। রিটে বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ এবং বাংলাদেশ সার্ভিস রুলসের (বিএসআর) সংশ্লিষ্ট বিধানগুলোর সাংবিধানিক বৈধতা প্রশ্নবিদ্ধ করা হয়েছে।

দুটির বেশি সন্তান হলে মাতৃত্বকালীন ছুটি সীমিত করার বিধান স্থগিত চেয়ে হাইকোর্টে রিট………..

রিট আবেদনে বলা হয়েছে, মাতৃত্বকালীন ছুটি কোনো বিশেষ সুযোগ-সুবিধা নয় কিংবা সন্তান জন্মদানে উৎসাহিত করার নীতি নয়। বরং এটি একজন মায়ের শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিত করা, প্রসব-পরবর্তী পুনরুদ্ধার, নবজাতকের যথাযথ পরিচর্যা এবং স্তন্যপান নিশ্চিত করার জন্য একটি মৌলিক স্বাস্থ্য সুরক্ষা ব্যবস্থা।

আবেদনে আরও উল্লেখ করা হয়, একজন নারী প্রথম, দ্বিতীয় কিংবা তৃতীয় সন্তান—যে সন্তানই জন্ম দিন না কেন, প্রসবজনিত স্বাস্থ্যঝুঁকি, চিকিৎসার প্রয়োজন, বিশ্রাম এবং নবজাতকের যত্নের প্রয়োজনীয়তা একই থাকে। তাই কেবল সন্তানের সংখ্যার ভিত্তিতে কোনো মাকে মাতৃত্বকালীন ছুটি বা সংশ্লিষ্ট সুবিধা থেকে বঞ্চিত করা বৈষম্যমূলক, অযৌক্তিক এবং সংবিধানের মৌলিক নীতির পরিপন্থী।

রিটে দাবি করা হয়েছে, এ ধরনের বিধান সংবিধানের ৭, ১৫, ১৮, ২৬, ২৭, ২৮, ৩১ ও ৩২ অনুচ্ছেদে নিশ্চিত করা সমতা, বৈষম্যহীনতা, আইনের আশ্রয় লাভের অধিকার এবং জীবন ও ব্যক্তিস্বাধীনতার অধিকারের সঙ্গে সাংঘর্ষিক। পাশাপাশি এটি মাতৃত্ব সুরক্ষা ও জনস্বাস্থ্য নিশ্চিত করার ক্ষেত্রে রাষ্ট্রের সাংবিধানিক দায়িত্বের সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ নয়।

রিটে সংশ্লিষ্ট বিধানগুলোর কার্যকারিতা স্থগিত এবং সেগুলোকে অসাংবিধানিক ঘোষণা করার জন্য আদালতের নির্দেশনা চাওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *