পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে বড় ধরনের রদবদল করা হয়েছে। বিসিএস (পুলিশ) ক্যাডারের একাধিক কর্মকর্তাকে নতুন পদে বদলি ও পদায়ন করে বুধবার (২২ এপ্রিল) স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করেছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব তৌছিফ আহমেদের স্বাক্ষরিত এ প্রজ্ঞাপনে জানানো হয়, জনস্বার্থে এই পরিবর্তন আনা হয়েছে এবং আদেশটি তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।
প্রজ্ঞাপন অনুযায়ী, ডিআইজি পদমর্যাদার কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহীল বাকীকে হাইওয়ে পুলিশের ডিআইজি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। ডিআইজি কাজী জিয়া উদ্দিনকে পদায়ন করা হয়েছে পুলিশ স্টাফ কলেজে। একইসঙ্গে সদ্য পদোন্নতিপ্রাপ্ত ডিআইজি আবু রায়হান মুহাম্মদ সালেহকে পুলিশ অধিদপ্তর, ঢাকায় দায়িত্ব দেওয়া হয়েছে।
অন্যদিকে, পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহকে সিলেট মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে। এছাড়া বিশেষ পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেন, পুলিশ সুপার মো. আকতার হোসেন এবং শাহরিয়ার আল মামুনকেও সিলেটে উপপুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
এছাড়া পুলিশ সুপার ড. এলিজা শারমীনকে এপিবিএনে পুলিশ সুপার হিসেবে এবং মোহাম্মদ শাহজাহান মিয়াকে এসবিতে পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে।
রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা এই প্রজ্ঞাপন অনুযায়ী, সংশ্লিষ্ট কর্মকর্তাদের নতুন কর্মস্থলে দ্রুত যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।
