ফরিদপুরের চরভদ্রাসনে পূর্ব বিরোধের জেরে এক যুবকের ওপর ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে। হামলায় হায়দার মুন্সি নামে এক ব্যক্তির হাত-পা প্রায় বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় তার ছোট ভাই সুজন মুন্সিও গুরুতর আহত হয়েছেন।
শনিবার (২৫ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার সদর ইউনিয়নের ফাযিলখাঁর ডাঙ্গী গ্রামে এ নৃশংস হামলার ঘটনা ঘটে। আহত দুই ভাই স্থানীয় মৃত ধলা মুন্সির সন্তান।
স্থানীয়দের সহযোগিতায় গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। কর্তব্যরত চিকিৎসকরা জানিয়েছেন, হায়দার মুন্সির শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। তার দুই হাত ও একটি পায়ে মারাত্মক আঘাত রয়েছে, যার মধ্যে একটি হাত ও একটি পা প্রায় বিচ্ছিন্ন হয়ে গেছে। উন্নত চিকিৎসার জন্য তাকে দ্রুত ঢাকায় পাঠানোর প্রস্তুতি চলছে।
পরিবারের দাবি, একই গ্রামের কালাম মণ্ডলের সঙ্গে দীর্ঘদিনের বিরোধ থেকেই এই হামলার সূত্রপাত। প্রায় তিন বছর আগে একটি মামলায় সাক্ষ্য না দেওয়াকে কেন্দ্র করে তাদের মধ্যে শত্রুতা তৈরি হয়, যা সময়ের সঙ্গে আরও তীব্র হয়। সেই বিরোধের জের ধরেই পরিকল্পিতভাবে হায়দারকে ডেকে নিয়ে তার ওপর হামলা চালানো হয়।
আহত সুজন মুন্সি জানান, খবর পেয়ে ভাইকে বাঁচাতে গেলে প্রথমে তাকেই ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়। পরে হামলাকারীরা হায়দারকে ধাওয়া করে একটি বাড়ি থেকে টেনে বের করে নির্মমভাবে কুপিয়ে জখম করে।
চরভদ্রাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনোয়ার হোসেন জানিয়েছেন, পূর্ব শত্রুতার জেরেই এ হামলার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে। এ ঘটনায় দোষীদের কাউকে ছাড় দেওয়া হবে না বলেও তিনি জানান।
