মাইলস্টোন ট্র্যাজেডি: ইউনূস, আসিফ নজরুল ও শফিকুল আলমসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন
রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে অবস্থিত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে সংঘটিত ভয়াবহ বিমান দুর্ঘটনায় শিক্ষক-শিক্ষার্থীদের মৃত্যুর ঘটনায় সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, অন্তর্বর্তী সরকারের সাবেক আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল এবং সাবেক প্রেসসচিব শফিকুল আলমসহ ১৬ জনের বিরুদ্ধে আদালতে মামলার আবেদন করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালতে নিহত শিক্ষার্থী উক্য ছাইং মারমার বাবা উসাইমং মারমা এ আবেদন করেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী এ কে এম শারিফ উদ্দিন।
মাইলস্টোন ট্র্যাজেডি: ইউনূস, আসিফ নজরুল ও শফিকুল আলমসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন…………..
আইনজীবী জানান, আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করেছেন এবং মামলার আবেদনটির বিষয়ে আদেশ পরে দেবেন বলে জানিয়েছেন।
মামলার এজাহারে সাবেক পরিবেশ উপদেষ্টা ড. রেজওয়ানা হাসানসহ অন্তর্বর্তী সরকারের সংশ্লিষ্ট আরও কয়েকজনকে আসামি করা হয়েছে।
উল্লেখ্য, ২০২৫ সালের ২১ জুলাই উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে বাংলাদেশ বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। ভয়াবহ এ দুর্ঘটনায় মোট ৩৬ জন প্রাণ হারান। নিহতদের মধ্যে ২৮ জনই ছিলেন শিক্ষার্থী। দুর্ঘটনায় বিমানটির পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট মো. তৌকির ইসলামও নিহত হন।
ঘটনাটি দেশজুড়ে গভীর শোকের সৃষ্টি করেছিল এবং দুর্ঘটনার কারণ ও দায় নির্ধারণ নিয়ে বিভিন্ন মহলে আলোচনা ও তদন্তের দাবি ওঠে।
