সেনাবাহিনীকে ধাপে ধাপে ব্যারাকে ফেরানোর পরিকল্পনা: স্বরাষ্ট্রমন্ত্রী
ঢাকা, ৭ মে — দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং পুলিশ বাহিনীতে শৃঙ্খলা ফিরে আসায় মাঠপর্যায়ের দায়িত্ব থেকে সেনাবাহিনীকে পর্যায়ক্রমে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, সরকার নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে যে অনির্দিষ্টকালের জন্য আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে সেনাবাহিনীকে মাঠে রাখা হবে না। নির্বাচিত সরকার দায়িত্ব গ্রহণের পর পুলিশ বাহিনীকে পুনরায় সুশৃঙ্খল অবস্থায় ফিরিয়ে আনা সম্ভব হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
সেনাবাহিনীকে ধাপে ধাপে ব্যারাকে ফেরানোর পরিকল্পনা: স্বরাষ্ট্রমন্ত্রী…………
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জনগণের মধ্যেও এখন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আস্থা তৈরি হয়েছে। এ কারণে সেনাবাহিনীকে ধাপে ধাপে ব্যারাকে ফেরানোর বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। তবে এই প্রক্রিয়া কীভাবে বাস্তবায়িত হবে, সে বিষয়ে পুলিশ, সেনাবাহিনী ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বয়ে পর্যায়ক্রমে সিদ্ধান্ত নেওয়া হবে।
চলমান আইনশৃঙ্খলা অভিযান সম্পর্কে তিনি জানান, সারা দেশে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এসব অভিযানে দাগী আসামি, মাদক কারবারি, অবৈধ অস্ত্রধারী এবং জুয়ার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করা হচ্ছে। তিনি বলেন, আইনের ঊর্ধ্বে কেউ নয় এবং সুনির্দিষ্ট তালিকার ভিত্তিতেই অভিযান পরিচালিত হচ্ছে।
মন্ত্রী আরও জানান, কোথাও যৌথভাবে আবার কোথাও এককভাবে অভিযান পরিচালনা করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এসব অভিযানে দৃশ্যমান অগ্রগতি এসেছে এবং দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে বলেও দাবি করেন তিনি।
