মালয়েশিয়ায় নেওয়া হলো মির্জা আব্বাসকে উন্নত পুনর্বাসন চিকিৎসার জন্য
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসা ও ফিজিওথেরাপির জন্য সিঙ্গাপুর থেকে মালয়েশিয়ায় স্থানান্তর করা হয়েছে। তার শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।
মঙ্গলবার (১৪ এপ্রিল) তাকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে দীর্ঘ চিকিৎসা শেষে মালয়েশিয়ার একটি বিশেষায়িত পুনর্বাসন কেন্দ্রে নেওয়া হয়। বুধবার বিকেলে তার একান্ত সচিব মিজানুর রহমান সোহেল গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।
চিকিৎসকদের বরাতে তিনি জানান, মির্জা আব্বাস এখন আগের তুলনায় অনেকটাই সুস্থ এবং শঙ্কামুক্ত। তবে সম্পূর্ণ সুস্থতা ফিরে পেতে তার নিয়মিত ও নিবিড় ফিজিওথেরাপি প্রয়োজন, যা মালয়েশিয়াতেই সম্পন্ন করা হবে। তার দ্রুত আরোগ্য কামনা করে পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।
মালয়েশিয়ায় নেওয়া হলো মির্জা আব্বাসকে উন্নত পুনর্বাসন চিকিৎসার জন্য……………
উল্লেখ্য, গত ১১ মার্চ ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়ে জ্ঞান হারান ঢাকা-৮ আসনের এই সংসদ সদস্য। প্রথমে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে ১৫ মার্চ এয়ার অ্যাম্বুলেন্সে করে জরুরি ভিত্তিতে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে প্রায় এক মাস চিকিৎসা শেষে তার অবস্থার উল্লেখযোগ্য উন্নতি ঘটে।
রাজনীতিতে দীর্ঘ অভিজ্ঞতার অধিকারী মির্জা আব্বাস সাম্প্রতিক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে বিজয়ী হন। বর্তমানে তিনি সংসদ সদস্যের পাশাপাশি প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হিসেবেও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন।
