শোককে শক্তিতে রূপান্তর করে এগিয়ে যেতে হবে: ডা. জুবাইদা রহমান
রাজধানীর উত্তরার দিয়াবাড়ীতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীদের মর্মান্তিক প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান। নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে তিনি বলেন, এই শোকাবহ ঘটনা পুরো জাতিকে স্তব্ধ করে দিয়েছে। তবে শোককে শক্তিতে রূপান্তর করে সামনে এগিয়ে যাওয়াই হবে নিহতদের প্রতি প্রকৃত সম্মান।
মঙ্গলবার সকালে ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি আয়োজিত ‘মাইলস্টোন ট্র্যাজেডি: শ্রদ্ধাঞ্জলি ও স্মরণসভা’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শোককে শক্তিতে রূপান্তর করে এগিয়ে যেতে হবে: ডা. জুবাইদা রহমান……….
ডা. জুবাইদা রহমান বলেন, “আজকের এই দিনটি আমাদের সবার জন্য গভীর বেদনার। আকস্মিক ও ভয়াবহ এই দুর্ঘটনা পুরো দেশকে শোকাহত করেছে। যারা আমাদের ছেড়ে চলে গেছেন, তাদের পরিবারের শোক কোনো ভাষায় প্রকাশ করার নয়। আমি নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই এবং মহান আল্লাহর কাছে তাদের জন্য ধৈর্য ও শক্তি কামনা করি।”
তিনি আহত শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্ট সবার প্রতি আন্তরিক সহমর্মিতা জানিয়ে বলেন, “এত বড় একটি বিপর্যয়ের পরও আপনারা যে সাহস, ধৈর্য ও দৃঢ়তা নিয়ে ভবিষ্যতের পথে এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন, তা সমগ্র জাতির জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। নতুন প্রজন্ম আপনাদের এই অদম্য মনোবল থেকে সাহস ও মানবিকতার শিক্ষা নেবে।”
এ সময় তিনি দুর্ঘটনার পর চিকিৎসা সহায়তায় এগিয়ে আসা যুক্তরাজ্য, চীন, ভারত ও সিঙ্গাপুরসহ বিভিন্ন দেশের প্রতিনিধি ও চিকিৎসা বিশেষজ্ঞদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বক্তব্য শেষে তিনি আহতদের খোঁজখবর নেন এবং নিহতদের স্বজনদের সঙ্গে সাক্ষাৎ করে সমবেদনা জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, ২০২৫ সালের ২১ জুলাই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে সংঘটিত এই মর্মান্তিক দুর্ঘটনা দেশের ইতিহাসে এক বেদনাবিধুর অধ্যায় হয়ে থাকবে। তিনি বলেন, দুর্যোগের সেই কঠিন সময়ে সিঙ্গাপুর, ভারত, চীনসহ বিভিন্ন দেশের চিকিৎসকদের আন্তরিক সহযোগিতা মানবিক সংহতির এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।
স্মরণসভায় আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী ড. এমএ মুহিত, বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী, চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন, ড্যাবের সভাপতি ডা. হারুনুর রশীদ, জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার এবং অনুষ্ঠানের সঞ্চালক ডা. শাওন বিন রহমান।
অনুষ্ঠানজুড়ে নিহতদের স্মরণে গভীর শ্রদ্ধা জানানো হয় এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করা হয়। বক্তারা বলেন, এই মর্মান্তিক দুর্ঘটনা শুধু কয়েকটি পরিবারের নয়, সমগ্র জাতির হৃদয়ে গভীর ক্ষত তৈরি করেছে। সেই ক্ষত বয়ে নিয়েই সাহস, সংহতি ও মানবিক মূল্যবোধকে শক্তিতে পরিণত করে সামনে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করা হয়।
