স্কুলমুখী করতে সাড়ে তিন লাখ শিশুকে বিনামূল্যে স্কুল ড্রেস দেবে সরকার
প্রাথমিক পর্যায়ে শিক্ষার্থীদের স্কুলমুখী করতে নতুন উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে একটি পাইলট প্রকল্পের আওতায় দেশের প্রায় সাড়ে তিন লাখ শিশুকে বিনামূল্যে স্কুল ড্রেস প্রদান করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
মঙ্গলবার (বিকেল) রাজধানীর মিরপুরে প্রাথমিক শিক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি এ ঘোষণা দেন। শিক্ষামন্ত্রীর মতে, এই উদ্যোগ শিক্ষার্থীদের বিদ্যালয়ে উপস্থিতি বাড়াতে এবং ঝরে পড়ার হার কমাতে ইতিবাচক ভূমিকা রাখবে।
স্কুলমুখী করতে সাড়ে তিন লাখ শিশুকে বিনামূল্যে স্কুল ড্রেস দেবে সরকার………
সভায় তিনি বলেন, বর্তমানে অনেক শিক্ষার্থী অতিরিক্ত সময় মোবাইল ও অন্যান্য ডিজিটাল ডিভাইসে ব্যয় করছে, যা তাদের শারীরিক ও মানসিক বিকাশে নেতিবাচক প্রভাব ফেলছে। এ প্রবণতা কমাতে খেলাধুলা ও সহশিক্ষা কার্যক্রম আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন তিনি। পাশাপাশি শিক্ষকদের শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের প্রতি আরও নিবিড় নজরদারি ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
শিক্ষামন্ত্রী আরও বলেন, যেসব শিক্ষক নিয়মিত সময়মতো বিদ্যালয়ে উপস্থিত হন না বা পাঠদানে দায়িত্বশীলতার পরিচয় দেন না, তাদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। একই সঙ্গে উপজেলা শিক্ষা কর্মকর্তাদের বিদ্যালয় পর্যায়ে মনিটরিং কার্যক্রম আরও জোরদার করার নির্দেশ দেন তিনি।
এ সময় তিনি জানান, শিক্ষার্থীদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াতে আগামী ৯ আগস্ট থেকে সারা দেশে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু হবে। সরকারের আশা, শিক্ষা ও ক্রীড়ার সমন্বিত এই উদ্যোগ শিক্ষার্থীদের সুস্থ, সক্রিয় ও বিদ্যালয়মুখী করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
