২৪ ঘণ্টায় আবারও কমলো স্বর্ণের দাম, টানা পতনে বাজারে স্বস্তি
দেশের স্বর্ণবাজারে টানা দরপতন অব্যাহত রয়েছে। মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে আবারও কমানো হয়েছে স্বর্ণের দাম, যা ক্রেতাদের জন্য কিছুটা স্বস্তির খবর হয়ে এসেছে।
সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরিতে (১১.৬৬৪ গ্রাম) দাম কমানো হয়েছে ২,১৫৮ টাকা। নতুন করে প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪০ হাজার ৩৩৭ টাকা। স্থানীয় বাজারে তেজাবী (পাকা) স্বর্ণের দাম কমার প্রেক্ষিতেই এই সমন্বয় করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকাল ১০টা থেকে নতুন এই দাম কার্যকর হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সংগঠনটির স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
২৪ ঘণ্টায় আবারও কমলো স্বর্ণের দাম, টানা পতনে বাজারে স্বস্তি……………
এর আগেও টানা কয়েক দফায় স্বর্ণের দাম কমানো হয়েছে। গতকাল কমানো হয় ২,২১৬ টাকা। তারও আগে ২৮ এপ্রিল একই পরিমাণ এবং ২৩ এপ্রিল ৩,২৬৬ টাকা কমানো হয়েছিল। ফলে গত সাত দিনের ব্যবধানে চার দফায় ভালো মানের স্বর্ণের দাম মোট ৯,৮৫৬ টাকা কমলো।
নতুন দামে ২১ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি ২,০৪১ টাকা কমে দাঁড়িয়েছে ২ লাখ ২৯ হাজার ৪৩১ টাকা। ১৮ ক্যারেট স্বর্ণের ক্ষেত্রে ১,৭৫০ টাকা কমে নতুন দাম হয়েছে ১ লাখ ৯৬ হাজার ৬৫৫ টাকা। আর সনাতন পদ্ধতির স্বর্ণের ভরি প্রতি দাম ১,৪৫৮ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬০ হাজার ১৪৭ টাকা।
তবে স্বর্ণের দাম কমলেও রুপার বাজারে কোনো পরিবর্তন আসেনি। ২২ ক্যারেট রুপার প্রতি ভরি বিক্রি হচ্ছে ৫,৪৮২ টাকায়। এছাড়া ২১ ক্যারেট রুপার দাম ৫,১৯০ টাকা, ১৮ ক্যারেট ৪,৪৯১ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা বিক্রি হচ্ছে ৩,৩৮৩ টাকায়।
টানা দরপতনের এই ধারা বাজারে নতুন করে ক্রেতাদের আগ্রহ বাড়াতে পারে বলে মনে করছেন ব্যবসায়ীরা।
