ঢাকা-১৫ আসনে দাঁড়িপাল্লার ১৩ বুথ ভাঙচুরের অভিযোগ, তীব্র প্রতিবাদ জামায়াত আমিরের
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান তার নির্বাচনী এলাকা ঢাকা-১৫-এ দাঁড়িপাল্লা প্রতীকের ১৩টি বুথ ভাঙচুরের অভিযোগ করেছেন। এ ঘটনাকে কেন্দ্র করে তিনি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
বুধবার (১১ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ অভিযোগ তুলে ধরেন।
ফেসবুক পোস্টে ডা. শফিকুর রহমান দাবি করেন, তার নির্বাচনী এলাকায় পরিকল্পিতভাবে দাঁড়িপাল্লা প্রতীকের ১৩টি বুথে হামলা ও ভাঙচুর চালানো হয়েছে। তিনি এ ঘটনাকে রাজনৈতিক সহিংসতার অংশ হিসেবে উল্লেখ করে বলেন, “আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। যারা এখনো সন্ত্রাস ও ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে আমাদের থামিয়ে দিতে চায়, তারা ভুলে যাচ্ছে—এ জাতি জুলাই পেরিয়ে এসেছে।”
তিনি আরও বলেন, দেশে পেশিশক্তিনির্ভর রাজনীতির দিন শেষ হয়ে এসেছে। জনগণকে ভয় দেখিয়ে বা দমিয়ে রেখে রাজনৈতিক ফায়দা লোটার সুযোগ আর নেই বলেও মন্তব্য করেন তিনি।
ঢাকা-১৫ আসনে দাঁড়িপাল্লার ১৩ বুথ ভাঙচুরের অভিযোগ, তীব্র প্রতিবাদ জামায়াত আমিরের…..
ডা. শফিকুর রহমান তার বক্তব্যে অভিযোগ করেন, যারা দেশের নীতি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে গঠনমূলক আলোচনায় ব্যর্থ, তারাই সহিংসতার পথ বেছে নিচ্ছে। তিনি বলেন, “ভয়ভীতির রাজনীতি আর চলবে না। সাধারণ মানুষের হৃদয়ে দাঁড়িপাল্লা যে জায়গা করে নিয়েছে, তার প্রতিফলন আগামীকালের ভোটে ফুটে উঠবে, ইনশাআল্লাহ।”
তবে এ অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসন বা প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
