বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে দেশবাসী ও প্রবাসী বাংলাদেশিদের আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
সোমবার (১৩ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এই শুভেচ্ছা বার্তা দেন। শুভেচ্ছা বাণীতে তিনি বলেন, সময়ের ধারাবাহিকতায় আবারও আমাদের জীবনে এসেছে একটি নতুন বাংলা বছর, যা আমাদের সামনে নতুন আশা ও সম্ভাবনার দ্বার উন্মোচন করে। এবারের নববর্ষকে তিনি একটি ঐতিহাসিক পরিবর্তনের বার্তা বহনকারী হিসেবেও উল্লেখ করেন।
ডা. শফিকুর রহমান দেশ-বিদেশে অবস্থানরত সকল বাংলাদেশিকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বলেন, জাতীয় ঐক্য ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে একটি সুন্দর, ন্যায়ভিত্তিক ও মানবিক সমাজ গড়ে তোলাই হোক আমাদের অঙ্গীকার।
তিনি আরও বলেন, জনগণের প্রত্যাশা পূরণে একটি সমৃদ্ধ, ন্যায়সংগত ও কল্যাণমুখী বাংলাদেশ বিনির্মাণে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। এ লক্ষ্য অর্জনে ঐক্য, সহমর্মিতা ও দায়িত্ববোধের বিকাশ জরুরি।
বিবৃতির শেষে তিনি দেশ ও জাতির শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনায় মহান আল্লাহর নিকট দোয়া প্রার্থনা করেন।
