বাংলায় পালাবদলের ইঙ্গিত, মুখ্যমন্ত্রীর দৌড়ে এগিয়ে শুভেন্দু
দুই উপ-মুখ্যমন্ত্রী নিয়েও জোর জল্পনা, বৈঠকে চূড়ান্ত হতে পারে সিদ্ধান্ত
দীর্ঘ রাজনৈতিক সংঘাত, টানাপোড়েন এবং তীব্র নির্বাচনী লড়াইয়ের পর পশ্চিমবঙ্গের রাজনীতিতে বড় পরিবর্তনের আভাস মিলছে। সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) উল্লেখযোগ্য সাফল্য অর্জন করায় রাজ্যে প্রথমবার সরকার গঠনের সম্ভাবনা এখন প্রায় নিশ্চিত বলেই রাজনৈতিক মহলের ধারণা। আর সেই সম্ভাব্য সরকারের মুখ হিসেবে সবচেয়ে বেশি উচ্চারিত হচ্ছে শুভেন্দু অধিকারীর নাম।
একসময় তৃণমূল কংগ্রেসের গুরুত্বপূর্ণ মুখ থাকা শুভেন্দু এখন বিজেপির অন্যতম প্রধান কৌশলী নেতা। রাজনৈতিক মহলে তাঁকে ইতোমধ্যেই ‘জায়ান্ট কিলার’ হিসেবে অভিহিত করা হচ্ছে। সূত্রের দাবি, নবনির্বাচিত বিধায়কদের বৈঠকে তাঁকেই পরিষদীয় দলের নেতা হিসেবে বেছে নেওয়া হতে পারে। রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য তাঁর নাম আনুষ্ঠানিকভাবে প্রস্তাব করবেন বলেও জানা গেছে।
বাংলায় পালাবদলের ইঙ্গিত, মুখ্যমন্ত্রীর দৌড়ে এগিয়ে শুভেন্দু………………
তবে চমক শুধু মুখ্যমন্ত্রী পদ নিয়েই নয়। নবান্নে এবার দেখা যেতে পারে দুই উপ-মুখ্যমন্ত্রীর নতুন সমীকরণও। পশ্চিমবঙ্গের রাজনীতিতে গত দুই দশকে এমন নজির প্রায় নেই বললেই চলে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সামাজিক ও আঞ্চলিক ভারসাম্য বজায় রাখতেই বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব এই ফর্মুলার পথে হাঁটছে।
দলীয় সূত্রে খবর, উপ-মুখ্যমন্ত্রীর একটি পদে কোনো নারী নেত্রীকে আনা হতে পারে। সেই তালিকায় সবচেয়ে এগিয়ে রয়েছেন আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পাল। অন্যদিকে উত্তরবঙ্গের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে শঙ্কর ঘোষের নামও জোরালোভাবে উঠে আসছে।
ইতোমধ্যেই কলকাতায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে সম্ভাব্য নেতৃত্বদের পৃথক বৈঠক রাজনৈতিক জল্পনাকে আরও উসকে দিয়েছে। ফলে আজকের বৈঠকের দিকে তাকিয়ে রয়েছে গোটা রাজ্যের রাজনৈতিক মহল। এখন শুধু আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা।
