চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় খোর্দ্দ খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করে প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের সেচ ব্যবস্থাপনা উন্নয়ন ও কৃষি উৎপাদন বাড়াতে সরকার সারাদেশে ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখননের বৃহৎ উদ্যোগ নিয়েছে।
শনিবার দুপুরে ওয়ারুক বাজার এলাকায় আয়োজিত এক সমাবেশে তিনি বলেন, বাংলাদেশের মাটি অত্যন্ত উর্বর। সময়মতো সেচ নিশ্চিত করা গেলে কৃষকরা আরও ভালো ফলন উৎপাদন করতে পারবেন। খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের পর এবার উৎপাদন আরও বাড়ানোর লক্ষ্য নিয়েই সরকার এই কর্মসূচি হাতে নিয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, নির্বাচনের আগেই বিএনপি খাল পুনঃখননের প্রতিশ্রুতি দিয়েছিল। এই উদ্যোগ বাস্তবায়িত হলে কৃষকরা সরাসরি উপকৃত হবেন এবং ধীরে ধীরে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে উঠবেন। কৃষকের উন্নয়নই দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী করবে বলেও মন্তব্য করেন তিনি।
ফ্যামিলি কার্ড কর্মসূচির বিষয়ে তারেক রহমান বলেন, এটি বিএনপি সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ সামাজিক নিরাপত্তা উদ্যোগ। এই কার্ডের মাধ্যমে প্রতি মাসে একজন মা আড়াই হাজার টাকা সহায়তা পাবেন, যা সন্তানদের শিক্ষা, স্বাস্থ্যসেবা ও পরিবারের প্রয়োজনীয় কাজে ব্যয় করা যাবে। তিনি জানান, অন্তর্বর্তী সরকারের বাজেট থেকেই এ কর্মসূচি শুরু হয়েছে এবং আগামী বাজেটে এর পরিধি আরও বাড়ানো হবে।
নারীর ক্ষমতায়নের ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী বলেন, দেশের অর্ধেক জনগোষ্ঠী নারী। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া মেয়েদের উচ্চমাধ্যমিক পর্যন্ত বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা করেছিলেন। বর্তমান সরকার নারীদের স্নাতক পর্যন্ত বিনামূল্যে শিক্ষার সুযোগ নিশ্চিত করতে চায়। পাশাপাশি মেধাবী শিক্ষার্থীদের জন্য উপবৃত্তির ব্যবস্থাও করা হবে।
তিনি আরও বলেন, বিএনপি সরকারের লক্ষ্য হচ্ছে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল পুনঃখনন, তরুণদের দক্ষতা উন্নয়ন এবং কর্মসংস্থান সৃষ্টি নিশ্চিত করা। তরুণ সমাজকে শিক্ষিত ও প্রশিক্ষিত করে বিদেশে কর্মসংস্থানের সুযোগ তৈরি করার কথাও উল্লেখ করেন তিনি।
সমাবেশে উপস্থিত জনগণের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, দেশের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বাংলাদেশের ২০ কোটি মানুষের সম্মিলিত প্রচেষ্টায় দেশকে বিশ্বের বুকে একটি মর্যাদাশীল রাষ্ট্র হিসেবে গড়ে তোলা সম্ভব হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁদপুর-৫ আসনের সংসদ সদস্য মমিনুল হক। এছাড়া উপস্থিত ছিলেন আ ন ম এহছানুল হক মিলন, আসাদুল হক দুলুসহ স্থানীয় বিএনপির নেতাকর্মীরা।
