Wednesday, June 24, 2026
Latest:
Uncategorized

মেসির সঙ্গে গোল্ডেন বুটের লড়াইয়ে এখনই ভাবছেন না এমবাপ্পে

চলমান বিশ্বকাপের গ্রুপ পর্ব এখনো পুরোপুরি শেষ হয়নি। তবে এরই মধ্যে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতার পুরস্কার ‘গোল্ডেন বুট’ নিয়ে আলোচনা শুরু হয়ে গেছে। কারণ দুই ম্যাচ খেলেই দুর্দান্ত ফর্মে থাকা লিওনেল মেসি ইতোমধ্যে করেছেন ৫ গোল। অন্যদিকে ফ্রান্সের তারকা ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পের ঝুলিতেও জমা পড়েছে ৪ গোল।

ফুটবলপ্রেমীদের কাছে তাই মেসি ও এমবাপ্পের মধ্যকার সম্ভাব্য গোল্ডেন বুট লড়াই বেশ আকর্ষণীয় হয়ে উঠেছে। তবে এসব আলোচনা নিয়ে আপাতত মাথা ঘামাতে নারাজ এমবাপ্পে। ইরাকের বিপক্ষে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ব্যক্তিগত অর্জনের চেয়ে দলের সাফল্যই তাঁর কাছে বেশি গুরুত্বপূর্ণ।

মেসির সঙ্গে গোল্ডেন বুটের লড়াইয়ে এখনই ভাবছেন না এমবাপ্পে…………

এমবাপ্পে বলেন, “গোল্ডেন বুট নিয়ে এই মুহূর্তে আমি মোটেও ভাবছি না। এখন আমাদের পুরো মনোযোগ দলের পরিবেশ ও পারফরম্যান্সের দিকে। গুরুত্বপূর্ণ সময়ে যেন আমরা নিজেদের শক্তির জায়গাগুলোর ওপর আস্থা রাখতে পারি, সেটাই সবচেয়ে জরুরি।”

তিনি আরও বলেন, “বিশ্বকাপে আমি প্রায়ই গোল করি, এবারও করছি। তবে ব্যক্তিগত গোলসংখ্যা নিয়ে আমি বিশেষভাবে চিন্তা করছি না। আমার মূল লক্ষ্য দলকে সাহায্য করা।”

ফরাসি এই তারকা মনে করেন, বিশ্বকাপ যত সামনে এগোবে, প্রতিযোগিতা তত কঠিন হবে। তাই ব্যক্তিগত নৈপুণ্যের চেয়ে দলগত পারফরম্যান্সই সাফল্যের চাবিকাঠি।

এমবাপ্পের ভাষায়, “আমাদের লক্ষ্য হলো দল হিসেবে নিজেদের সামর্থ্যের সর্বোচ্চ ব্যবহার করা। কারণ নকআউট পর্বে প্রতিটি ম্যাচই হবে কঠিন। বিশ্বকাপ জিততে হলে সবার বিপক্ষে সেরাটা দিতে হবে।”

এদিকে অস্ট্রিয়ার বিপক্ষে জোড়া গোল করে বিশ্বকাপে নিজের মোট গোলসংখ্যা ১৮-তে নিয়ে গেছেন মেসি। অন্যদিকে ১৬ গোল নিয়ে বিশ্বকাপ ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতাদের একজন এমবাপ্পে। তবুও মেসির সঙ্গে ব্যক্তিগত প্রতিযোগিতার বিষয়ে কোনো আগ্রহ দেখাচ্ছেন না তিনি।

ফরাসি ফরোয়ার্ড বলেন, “আমি আগেও বলেছি, লিও সবসময়ই গোল করে এবং ভবিষ্যতেও করবে। যদি আমি শুধু তাঁর দিকে তাকিয়ে থাকি, তাহলে আমাকে আরও বেশি কিছু করার চাপ নিতে হবে। তাই এসব নিয়ে না ভেবে আমি দলকে সহায়তা করার দিকেই মনোযোগ দিচ্ছি। কারণ আমি দলেরই একটি অংশ।”

বিশ্বকাপের মঞ্চে ব্যক্তিগত রেকর্ড নয়, দলগত সাফল্যকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন এমবাপ্পে। আর সেই লক্ষ্য নিয়েই এগিয়ে যেতে চান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *