যুক্তরাষ্ট্র বাংলাদেশের পরীক্ষিত বন্ধু, সম্পর্ক হবে আরও সুদৃঢ়: জামায়াত আমির ডা. শফিকুর রহমান
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. মো. শফিকুর রহমান বলেছেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশের একটি ‘পরীক্ষিত বন্ধু রাষ্ট্র’। তিনি আশা প্রকাশ করেন, পারস্পরিক স্বার্থ, অভিন্ন লক্ষ্য এবং সহযোগিতার ভিত্তিতে দুই দেশের সম্পর্ক ভবিষ্যতে আরও শক্তিশালী ও সুদৃঢ় হবে।
শনিবার (৪ জুলাই) জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় মার্কিন দূতাবাস আয়োজিত যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
যুক্তরাষ্ট্র বাংলাদেশের পরীক্ষিত বন্ধু, সম্পর্ক হবে আরও সুদৃঢ়: জামায়াত আমির ডা. শফিকুর রহমান…………
ডা. শফিকুর রহমান বলেন, বাংলাদেশে আশ্রয় নেওয়া বিপুল সংখ্যক রোহিঙ্গা শরণার্থীর মানবিক সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্রের ধারাবাহিক সহায়তা দুই দেশের গভীর অংশীদারিত্বের একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত। তিনি বলেন, এই সহযোগিতা শুধু মানবিক দায়বদ্ধতারই প্রতিফলন নয়, বরং বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের পারস্পরিক আস্থা ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও দৃঢ় করেছে।
তিনি আরও বলেন, পারস্পরিক স্বার্থ, অভিন্ন লক্ষ্য ও সহযোগিতার ভিত্তিতে গড়ে ওঠা বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের দ্বিপক্ষীয় সম্পর্ক আগামী দিনগুলোতে নতুন উচ্চতায় পৌঁছাবে বলে তিনি বিশ্বাস করেন।
বিরোধীদলীয় নেতা বলেন, টেকসই উন্নয়ন, আঞ্চলিক স্থিতিশীলতা এবং বৈশ্বিক পরিসরে গণতন্ত্র, মানবাধিকার ও শান্তি প্রতিষ্ঠায় যুক্তরাষ্ট্রের অব্যাহত সহযোগিতা এবং দুই দেশের যৌথ অঙ্গীকার ভবিষ্যতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
তিনি আশা প্রকাশ করেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের বিদ্যমান অংশীদারিত্ব আগামী দিনে আরও বিস্তৃত হবে এবং আঞ্চলিক ও বৈশ্বিক শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধি নিশ্চিত করতে কার্যকর অবদান রাখবে।
