Uncategorized

সংসদে ৫ মিনিট কথা বলি, জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী নেন ৪৫ মিনিট: হাসনাত আবদুল্লাহ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেছেন, সংসদে এনসিপির মাত্র ছয়জন সদস্য থাকলেও তাদের সংক্ষিপ্ত বক্তব্যের জবাব দিতে স্বরাষ্ট্রমন্ত্রীকে দীর্ঘ সময় ব্যয় করতে হয়।

শুক্রবার (১০ জুলাই) সন্ধ্যায় লক্ষ্মীপুরের রায়পুর শহীদ ওসমান চত্বরে অনুষ্ঠিত এনসিপির ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সংসদে ৫ মিনিট কথা বলি, জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী নেন ৪৫ মিনিট: হাসনাত আবদুল্লাহ…………

হাসনাত আবদুল্লাহ বলেন, “সংসদে আমরা কথা বলার জন্য মাত্র পাঁচ মিনিট সময় পাই, অথচ আমাদের বক্তব্যের জবাব দিতে স্বরাষ্ট্রমন্ত্রী ৪৫ মিনিট সময় নেন। আমরা যদি ৪৫ মিনিট বক্তব্য দেওয়ার সুযোগ পাই, তাহলে তার জবাব দিতে স্বরাষ্ট্রমন্ত্রীর একটি পুরো অধিবেশন লেগে যাবে।”

তিনি আরও বলেন, বর্তমান তরুণ প্রজন্ম স্বাধীনভাবে চিন্তা করে এবং কোনো ব্যক্তি বা গোষ্ঠীর কাছে তাদের বিবেক বন্ধক রাখেনি। তার দাবি, সংসদে এনসিপির ছয়জন সদস্য সংখ্যায় কম হলেও কার্যকর ভূমিকা ও প্রভাবের দিক থেকে তারা ২১২ জন সদস্যের সমান শক্তিশালী।

নির্বাচনী অভিজ্ঞতার কথা তুলে ধরে হাসনাত আবদুল্লাহ বলেন, নির্বাচনের আগে অনেকেই এনসিপিকে ‘চিলড্রেন পার্টি’ বলে উপহাস করেছিলেন। তাদের ধারণা ছিল, দলটি ৫০০ ভোটও পাবে না। কিন্তু সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত সমর্থনে এনসিপি ১ লাখ ৬৮ হাজার ভোট অর্জন করে এবং কোনো কেন্দ্রেই তাদের বিজয় ঠেকানো সম্ভব হয়নি বলে তিনি দাবি করেন।

আগামী স্থানীয় সরকার নির্বাচনে তরুণদের সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানিয়ে তিনি বলেন, “মেম্বার, চেয়ারম্যান, কাউন্সিলর কিংবা মেয়র—যে পদেই হোক, নির্বাচনে অংশ নিন। জয়-পরাজয় বড় বিষয় নয়; গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণই সবচেয়ে গুরুত্বপূর্ণ। নিজের ভোট নিজে পেলেও নির্বাচনের মাঠে থাকুন।”

তিনি আরও বলেন, “যতদিন দেশের তরুণ প্রজন্ম রাজপথে, রাজনীতিতে এবং নেতৃত্বে সক্রিয় থাকবে, ততদিন বাংলাদেশ এগিয়ে যাওয়ার পথেই থাকবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *