Uncategorized

সেপ্টেম্বর-অক্টোবরে চূড়ান্ত হতে পারে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল

বর্ষাকালীন আবহাওয়ার বিষয়টি বিবেচনায় রেখে আগামী সেপ্টেম্বর-অক্টোবরের মধ্যে ইউনিয়ন পরিষদসহ স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত সময়সূচি নির্ধারণ করা হতে পারে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

সেপ্টেম্বর-অক্টোবরে চূড়ান্ত হতে পারে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল…………..

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে যৌথ বৈঠকের মাধ্যমে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের চূড়ান্ত তফসিল নির্ধারণ করা হবে। বর্ষাকালের আবহাওয়া ও প্রয়োজনীয় প্রশাসনিক প্রস্তুতির বিষয়গুলো বিবেচনায় রেখেই এ সিদ্ধান্ত নেওয়া হবে।

বিদেশে পলাতক আসামিদের দেশে ফিরিয়ে আনার অগ্রগতি সম্পর্কে তিনি জানান, ইন্টারপোলের রেড নোটিশের ভিত্তিতে সংযুক্ত আরব আমিরাতে একজন এবং ভারতে তিনজনসহ মোট চারজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের মধ্যে হাদি হত্যা মামলার আসামিরাও রয়েছেন।

তিনি বলেন, সংযুক্ত আরব আমিরাত সরকারের অনুরোধ পাওয়ার পর মাত্র তিন দিনের মধ্যেই প্রয়োজনীয় আইনি নথি ও গ্রেপ্তারি পরোয়ানার কপি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।

ভারতে আটক আসামিদের বিষয়ে মন্ত্রী জানান, দুই দেশের মধ্যে বিদ্যমান প্রত্যর্পণ (এক্সট্রাডিশন) চুক্তির আওতায় তাদের দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলমান রয়েছে। যদিও বেআইনি অনুপ্রবেশ সংক্রান্ত স্থানীয় মামলার কারণে কিছুটা সময় লাগছে, তবে চুক্তি অনুযায়ী বিচারাধীন অবস্থাতেও আসামিদের প্রত্যর্পণের সুযোগ রয়েছে।

জুলাই-আগস্টের ছাত্র গণঅভ্যুত্থানে শহীদদের তালিকা প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, তৎকালীন সরকারের পতনের আগে হাসপাতাল থেকে গুরুত্বপূর্ণ নথি গায়েব হওয়া, চিকিৎসায় বাধা এবং লাশ গুমের অভিযোগের কারণে প্রকৃত শহীদের সংখ্যা নির্ধারণে জটিলতা সৃষ্টি হয়েছিল।

তিনি জানান, জাতিসংঘের প্রতিবেদনে শহীদের সংখ্যা প্রায় ১,৪০০ উল্লেখ করা হলেও সরকারের ধারণা, প্রকৃত সংখ্যা ২,০০০-এরও বেশি হতে পারে। বর্তমানে ডিএনএ পরীক্ষা এবং গণকবর অনুসন্ধানের মাধ্যমে নিখোঁজ ব্যক্তিদের পরিচয় শনাক্তের কাজ চলছে। এ প্রক্রিয়া শেষ হলে সরকারি তালিকায় শহীদের সংখ্যা আরও বাড়তে পারে।

মন্ত্রী আরও বলেন, সরকার ইতোমধ্যে ১৫ হাজারের বেশি শহীদ ও আহত ব্যক্তির তথ্যসম্বলিত গেজেট ও তালিকা প্রস্তুত করেছে। আহতদের ক, খ ও গ—এই তিন শ্রেণিতে ভাগ করে চিকিৎসাসহ প্রয়োজনীয় সহায়তা দেওয়া হচ্ছে।

সবশেষে তিনি বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনগণের প্রত্যাশা পূরণে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। স্থানীয় সরকার নির্বাচনও সেই প্রস্তুতির অংশ হিসেবেই যথাসময়ে আয়োজন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *