৭২-এর সংবিধান শুরু থেকেই বিভাজনের ভিত্তি তৈরি করেছে: নাহিদ ইসলাম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম বলেছেন, ১৯৭২ সালের সংবিধান প্রণয়নের পর থেকেই দেশে বিভিন্ন ধরনের বিভাজনের ভিত্তি তৈরি হয়েছে, যা আজও রাষ্ট্র ও সমাজে নানা সংকটের জন্ম দিচ্ছে। তাঁর মতে, জাতীয় ঐক্য, সমমর্যাদা ও জবাবদিহিতার ভিত্তিতে একটি অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র গড়ে তুলতে হলে এসব বিভাজন দূর করা প্রয়োজন।
রোববার (২ আগস্ট) বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবে জাতীয় নাগরিক পার্টির উদ্যোগে আয়োজিত ‘পাহাড়ে জুলাই: সমমর্যাদা, সহাবস্থান ও সম্প্রীতি’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম অভিযোগ করেন, বর্তমান সরকার দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় থাকলেও পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ে পার্বত্য অঞ্চলের কোনো প্রতিনিধিকে রাখা হয়নি। তিনি বলেন, সাবেক প্রতিমন্ত্রী দ্বীপেন দেওয়ানকে সরিয়ে দেওয়ার ঘটনাও নজিরবিহীন। তাঁর ভাষায়, সরকারের জবাবদিহিতার অভাবের কারণেই এমন সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়েছে।
৭২-এর সংবিধান শুরু থেকেই বিভাজনের ভিত্তি তৈরি করেছে: নাহিদ ইসলাম……….
তিনি আরও বলেন, জুলাই সনদের বাস্তবায়নের দাবিতে শুধু সমতল নয়, পার্বত্য অঞ্চল থেকেও শক্তিশালী জনমত গড়ে ওঠা প্রয়োজন। তাঁর মতে, গণতান্ত্রিক রাষ্ট্রে সকল জনগোষ্ঠীর অংশগ্রহণ এবং মতামতের প্রতিফলন নিশ্চিত করা জরুরি।
পাহাড়ের চলমান সংকট প্রসঙ্গে এনসিপি আহ্বায়ক বলেন, দলটি সকল নাগরিকের সমান অধিকার ও মর্যাদায় বিশ্বাস করে। একই সঙ্গে দেশের সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস করা হবে না বলেও তিনি উল্লেখ করেন।
তিনি বলেন, পার্বত্য অঞ্চলে দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের বঞ্চনা, চাঁদাবাজি ও সহিংসতার অভিযোগ রয়েছে। এসব সমস্যার টেকসই সমাধানের জন্য কার্যকর জবাবদিহিতা এবং সুশাসন নিশ্চিত করতে হবে। তাঁর মতে, পাহাড় ও সমতল—উভয় অঞ্চলের মানুষের নিরাপত্তা ও ন্যায়বিচার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।
সংবিধান প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, সাম্প্রদায়িকতা, ধর্ম ও সামাজিক পরিচয়ের ভিত্তিতে বিভাজনের রাজনীতি দেশের অগ্রগতিকে বাধাগ্রস্ত করেছে। তিনি বলেন, জাতীয় স্বার্থ, অর্থনৈতিক উন্নয়ন এবং সমঅধিকারের প্রশ্নে সব নাগরিককে ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নেই।
পাহাড়ের রাজনৈতিক ও সামাজিক বাস্তবতাকে জটিল উল্লেখ করে তিনি বলেন, এই সংকটের কোনো একমাত্রিক সমাধান নেই। বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠী যেমন বৈষম্য ও বঞ্চনার শিকার, তেমনি সেখানে বসবাসরত বাঙালিদেরও নানা সমস্যার মুখোমুখি হতে হয়। এই পারস্পরিক অবিশ্বাস ও বিভাজনের সুযোগ বিদেশি শক্তি কাজে লাগাতে পারে বলেও তিনি মন্তব্য করেন।
নাহিদ ইসলাম বলেন, “আমরা সবাই বাংলাদেশি। দেশের সুষম উন্নয়ন ও ন্যায়ভিত্তিক সম্পদ বণ্টন নিশ্চিত করা গেলে পাহাড়-সমতল নির্বিশেষে সব নাগরিক উপকৃত হবেন। দীর্ঘদিনের রাজনৈতিক বঞ্চনা ও নিপীড়নের স্থায়ী সমাধান রাজনৈতিক প্রক্রিয়ার মাধ্যমেই সম্ভব।”
চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এস এম সুজা উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় আরও বক্তব্য দেন এনসিপির রাজনৈতিক পর্ষদের সদস্য সারোয়ার এবং আলী আহসান জুনায়েদসহ দলটির অন্যান্য নেতারা।
