আবারও হল দখল ও ক্যাম্পাসে আধিপত্য বিস্তারের চেষ্টা চলছে: নাহিদ ইসলাম
দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আবারও হল দখল, ক্যাম্পাস নিয়ন্ত্রণ এবং রাজনৈতিক আধিপত্য বিস্তারের চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম। তিনি দাবি করেন, শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে পুনরায় সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত করার অপচেষ্টা শুরু হয়েছে।
মঙ্গলবার (৪ আগস্ট) রাজধানীর আফতাবনগরের সিরাজ কনভেনশন সেন্টারে জুলাই বিপ্লবের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে জাতীয় ছাত্রশক্তির সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা আয়োজিত ‘ফ্রম রেজিস্ট্যান্স টু ভিক্টরি: লেগ্যাসি অব জুলাই’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আবারও হল দখল ও ক্যাম্পাসে আধিপত্য বিস্তারের চেষ্টা চলছে: নাহিদ ইসলাম……….
নাহিদ ইসলাম অভিযোগ করে বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের প্রতিনিধি ও জাতীয় ছাত্রশক্তির নেতাকর্মীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। একই সঙ্গে ঢাকা কলেজ, ঢাকা আলিয়া মাদরাসাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদল ও তাদের সহযোগীদের মাধ্যমে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা চলছে বলেও তিনি দাবি করেন। এছাড়া হবিগঞ্জে জাতীয় ছাত্রশক্তির কর্মী আলিফের ওপর হামলার ঘটনায় তার চোখ গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
সরকারের উদ্দেশে নাহিদ ইসলাম বলেন, অতীতের ভুল থেকে শিক্ষা নেওয়া জরুরি। তিনি শিক্ষার্থীদের সঙ্গে সংঘাত এড়িয়ে শিক্ষা প্রতিষ্ঠানে স্বাভাবিক ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখার আহ্বান জানান। পাশাপাশি শিক্ষার্থীদের নির্বিঘ্নে পড়াশোনার সুযোগ নিশ্চিত করা এবং কর্মসংস্থান সৃষ্টির ওপর গুরুত্বারোপ করেন।
তিনি আরও বলেন, ক্ষমতার অপব্যবহার করে শিক্ষা প্রতিষ্ঠান দখলের মানসিকতা অতীতেও নেতিবাচক পরিণতি ডেকে এনেছিল। সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে সরকারকে সংযম ও দায়িত্বশীলতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করার আহ্বান জানান তিনি।
আলোচনায় প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভূমিকার প্রসঙ্গ তুলে নাহিদ ইসলাম বলেন, জুলাই আন্দোলনে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ ও সাহসী ভূমিকা পালন করেছিলেন। তার ভাষায়, সেই আন্দোলনে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ছিল একটি বড় শক্তি, যা তৎকালীন সরকার কল্পনাও করতে পারেনি।
তিনি বলেন, ১৭ জুলাইয়ের দমন-পীড়নের পর অনেকেই মনে করেছিলেন আন্দোলন থেমে যাবে। কিন্তু বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ আন্দোলনে নতুন গতি এনে দেয়। তাদের আত্মত্যাগ ও অবদানের যথাযথ স্বীকৃতি, সংরক্ষণ এবং গবেষণার প্রয়োজন রয়েছে বলেও তিনি মত প্রকাশ করেন। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, বর্তমান সরকার এ বিষয়ে এখনো কার্যকর কোনো উদ্যোগ গ্রহণ করেনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, রাজনৈতিক পর্ষদ সদস্য আলী আহসান জুনায়েদ, যুগ্ম সদস্য সচিব রাফে সালমান রিফাত, জাতীয় ছাত্রশক্তির সভাপতি জাহিদ আহসান এবং সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদার। এছাড়া বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতারাও অনুষ্ঠানে অংশ নিয়ে বক্তব্য রাখেন।
