কারাগারে ইমরান খানের মৃত্যু নিয়ে গুঞ্জন, যা জানাল পাকিস্তান
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খান কারাগারে মারা গেছেন—এমন গুঞ্জনে দেশজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। তবে পাকিস্তানের সেনাবাহিনীর গণমাধ্যম শাখা ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশনস (আইএসপিআর) এই খবরকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছে। তাদের ভাষ্য, ইমরান খান জীবিত আছেন এবং রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারেই বন্দি রয়েছেন।
যেভাবে ছড়াল গুঞ্জন
মার্কিনপ্রবাসী পাকিস্তানি সাংবাদিক ওয়াজাহাত সাঈদ খান ‘ইজ খান স্টিল উইথ আস’ এবং ‘হোয়াট হ্যাপেন্স আফটার খান’ শিরোনামে দুটি ভিডিও প্রতিবেদন প্রকাশ করেন। সেখানে তিনি পাকিস্তানের সেনাবাহিনীর সদর দপ্তর জিএইচকিউ-সংশ্লিষ্ট তিনজন জ্যেষ্ঠ কর্মকর্তার সঙ্গে কথা বলার কথা জানান।
কারাগারে ইমরান খানের মৃত্যু নিয়ে গুঞ্জন, যা জানাল পাকিস্তান……….
ওই সূত্রগুলোর বরাত দিয়ে তিনি বলেন, ইমরান খান আদৌ জীবিত আছেন কি না, তা নিয়ে সেনাবাহিনীর ভেতরেও উদ্বেগ রয়েছে। এরপর বিষয়টি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে ইমরানের সমর্থকদের মধ্যে আতঙ্ক ও ক্ষোভ তৈরি হয়।
কারাগারে ইমরান খানের মৃত্যু নিয়ে গুঞ্জন, যা জানাল পাকিস্তান…
তবে পরে সাংবাদিক ওয়াজাহাত সাঈদ খান নিজেই স্পষ্ট করেন, ইমরান খানের মৃত্যুর পক্ষে তার কাছে কোনো নিশ্চিত বা নথিভুক্ত প্রমাণ নেই। তার সূত্রগুলো মূলত ইমরান খানকে ঘিরে তথ্যের অস্বাভাবিক গোপনীয়তা নিয়ে উদ্বেগের কথা জানিয়েছিল।
সেনাবাহিনীর বক্তব্য
গুঞ্জন ছড়িয়ে পড়ার পর আইএসপিআর এক বিবৃতিতে ইমরান খানের মৃত্যুর খবরকে ‘সম্পূর্ণ মিথ্যা’ ও ‘ভিত্তিহীন’ বলে প্রত্যাখ্যান করে। সংস্থাটি জানায়, ইমরান খান জীবিত এবং আদিয়ালা কারাগারেই রয়েছেন।
ইমরানের পরিবারের ঘনিষ্ঠ সূত্র থেকেও তার জীবিত থাকার দাবি করা হয়েছে। বুশরা বিবির পরিবারের সদস্যদের ভাষ্য, নিয়ন্ত্রিত এক কারা-সাক্ষাতের সময় তাদের কারাগারের ভেতরের সিসিটিভি মনিটর দেখানো হয়। সেখানে ইমরান খানকে নিজে হেঁটে চলাফেরা করতে দেখা গেছে বলে তারা দাবি করেন।
স্বাস্থ্য নিয়ে উদ্বেগ
মৃত্যুর গুঞ্জন আপাতত অস্বীকার করা হলেও ইমরান খানের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ পুরোপুরি কাটেনি। পিটিআই নেতারা বলছেন, তার জীবন ও স্বাস্থ্য নিয়ে কোনো ধরনের গুজব বা অনুমানের সুযোগ থাকা উচিত নয়।
দলটির পক্ষ থেকে ইমরানের ব্যক্তিগত চিকিৎসক, বোন ও আইনজীবীদের অবাধে তার সঙ্গে দেখা করার এবং তার স্বাস্থ্য পরীক্ষা করার সুযোগ দেওয়ার দাবি জানানো হয়েছে।
কারাগারে ইমরান খানের মৃত্যু নিয়ে গুঞ্জন, যা জানাল পাকিস্তান…..
পিটিআই নেতারা আরও সতর্ক করে বলেছেন, ইমরানের নিরাপত্তা ও চিকিৎসা নিয়ে স্বচ্ছতা নিশ্চিত করা না হলে দেশজুড়ে বড় ধরনের বিক্ষোভ ছড়িয়ে পড়তে পারে। এরই মধ্যে তার সমর্থকদের রাওয়ালপিন্ডির দিকে মিছিল করার প্রস্তুতির কথাও সামনে এসেছে।
এদিকে, ইমরানের আইনজীবীরা পাকিস্তানের সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারের সঙ্গে দেখা করে তার চিকিৎসা-সুবিধা এবং কারাগারে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগসংক্রান্ত আবেদনের দ্রুত শুনানির দাবি জানিয়েছেন।
